ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) আগামী নির্বাচনে জয়ী হয়ে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসবে বলে মনে করেন জোটটির শীর্ষ দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী। গতকাল শনিবার তিনি নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আত্মবিশ্বাসের সঙ্গে এই মন্তব্য করেন। এ সময় আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করার ইঙ্গিত দিয়েছেন তিনি। নয়াদিল্লিতে জাতীয় গণমাধ্যমকেন্দ্র উদ্বোধনের পর সোনিয়া বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে ইউপিএর তৃতীয় সরকার গঠিত হবে। জনগণের বিভিন্ন অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কংগ্রেস অনেক কাজ করেছে। তথ্য অধিকার, শিক্ষার অধিকার ও খাদ্য অধিকার নিশ্চিত করাই ইউপিএর বর্তমান লক্ষ্য। দীর্ঘ প্রতীক্ষিত খাদ্য নিরাপত্তা বিল আগামী সপ্তাহেই পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। খাদ্য নিরাপত্তা বিল ও ভূমি অধিগ্রহণ বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতির পর কংগ্রেস আগাম নির্বাচনে যেতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে সোনিয়া বলেন, ‘আমি কিছু বলতে পারছি না। একেবারে শেষ পর্যন্ত এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রধান বিরোধী দল বিজেপির সহায়তা পাওয়া যাবে কি না, এমন প্রশ্নের জবাবে কংগ্রেসপ্রধান কোনো মন্তব্য করেননি। অন্ধ্র প্রদেশ রাজ্য ভেঙে পৃথক রাজ্য তেলেঙ্গানা গঠনের ব্যাপারে তিনি বলেন, এ কে অ্যান্টনির নেতৃত্বে কংগ্রেসের একটি প্যানেল বিষয়টি খতিয়ে দেখছে। সরকারও এ ব্যাপারে একটি কমিটি গঠন করতে যাচ্ছে।উপনির্বাচনে কংগ্রেসের জয়: কর্ণাটক রাজ্যে লোকসভার দুটি আসনে উপনির্বাচনে বিজয়ী হয়েছে কংগ্রেস। বহুভাষী অভিনেত্রী রামাইয়া (দিব্যা স্পন্দনা) কংগ্রেসের প্রার্থী হিসেবে মান্ডা আসন থেকে জিতেছেন। আর বেঙ্গালুরুর একটি আসনে জয়ী হয়েছেন কংগ্রেসের প্রার্থী ডি কে সুরেশ। পিটিআই।