নির্বাচনে জয়ী হলে সরকারে পদ পেতে পারেন সু চি
মিয়ানমারের আসন্ন উপনির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি জয়ী হলে তাঁকে বেসামরিক সরকারের কোনো পদে নিয়োগ দেওয়া হতে পারে। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা নে জিন লাত গতকাল রোববার এ তথ্য জানান। প্রেসিডেন্টের উপদেষ্টার এ ঘোষণা মিয়ানমারের বর্তমান বেসামরিক সরকারের গৃহীত সংস্কারমূলক বিভিন্ন উদ্যোগেরই অংশ। আগামী এপ্রিলে উপনির্বাচনে অংশ নেবেন নোবেল শান্তি পুরস্কার জয়ী সু চি।সু চির ইচ্ছানুযায়ী তাঁকে ‘উপযুক্ত’ দায়িত্ব দেওয়া হতে পারে উল্লেখ করে জিন লাত বলেন, ‘আইন বিষয়ে আগ্রহী হলে পার্লামেন্টের কোনো দায়িত্ব তাঁকে দেওয়া যেতে পারে।’৬৬ বছর বয়সী সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) তাঁর নির্বাচনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইয়াঙ্গুনের নিকটবর্তী কাওমু নির্বাচনী এলাকা থেকে প্রার্থী হবেন সু চি। শিগগিরই তিনি নির্বাচনী প্রচারণায় নামবেন উল্লেখ করে এনএলডির মুখপাত্র নিয়ান উইন বলেন, ‘নির্বাচিত হলে সু চি কী দায়িত্ব পালন করবেন তা আমরা জানি না। তবে তিনি পার্লামেন্ট সদস্য হবেন। দলের অন্য প্রার্থীদের তালিকা ১১ জানুয়ারির পর জানানো হবে। সু চি পার্লামেন্টে নির্বাচিত হলে তাঁকে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট থেইন সেইন। আসন্ন উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক—এমনটাই চান প্রেসিডেন্ট।’এপ্রিলের উপনির্বাচনে সু চির জয়ী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী ও তাদের সমর্থনপুষ্ট ক্ষমতাসীন সরকার বর্তমানে দেশটির পার্লামেন্ট নিয়ন্ত্রণ করছে। এনএলডি গত সপ্তাহে রাজনৈতিক দল হিসেবে অনুমোদন পায়। এএফপি।