নির্বাচনে নেই কংগ্রেসের বর্ষীয়ান নেতারা
আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের বেশ কয়েকজন বর্ষীয়ান নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন না। বর্তমান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী রয়েছেন এই তালিকায়।
কংগ্রেসের অন্যতম নেতা প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হওয়ায় এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে তাঁর আসন থেকে ছেলে বর্তমান লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জি প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাষ্ট্রপতির মতোই নির্বাচনী লড়াইয়ে মাঠে নেই প্রধানমন্ত্রী মনমোহন সিং। টানা দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মনমোহন আসলে রাজনীতি থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে ঘোষণাও দিয়েছেন তিনি।
বর্তমান অর্থমন্ত্রী ও কংগ্রেসের অন্যতম জ্যেষ্ঠ নেতা পি চিদাম্বরমও এবার নেই। ইউপিএ সরকারের টানা দুই মেয়াদের প্রথম মেয়াদে প্রথমে অর্থমন্ত্রী ও ২৬/১১ মুম্বাই হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাঁকে। অর্থমন্ত্রী করা হয় বর্তমান রাষ্ট্রপতি প্রণবকে। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে চিদাম্বরমকে আবার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ফিরিয়ে আনা হয়। চিদাম্বরম নির্বাচন না করলেও তাঁর ছেলের নির্বাচন করার সম্ভাবনা রয়েছে।
২০০৬ সাল থেকে টানা প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা এ কে অ্যান্টনিও নির্বাচনী মাঠে থাকছেন না। তাই নিজ রাজ্য কেরালায় বামফ্রন্টের সঙ্গে তাঁর লড়াইটা দেখা হবে না। ভারতের রাজনীতিতে ‘মি. ক্লিন’ ভাবমূর্তির রাজনীতিক অ্যান্টনির মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কিন্তু তা অ্যান্টনির ভাবমূর্তিতে কোনো আঁচড় ফেলতে পারেনি। অ্যান্টনি লোকসভার নির্বাচনে না থাকলেও পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় থাকার ইচ্ছার কথা প্রকাশ করেছেন।
নির্বাচন করছেন না পাওয়ারও: এবারের লোকসভা নির্বাচনে লড়ছেন না কংগ্রেসের অন্যতম মিত্র ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শারদ পাওয়ারও। ইউপিএ সরকারের বেশির ভাগ বিতর্কের সঙ্গেই জড়িত পাওয়ারের নাম। ২০০৯ সাল থেকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর দায়িত্বে থাকা পাওয়ার বর্তমান সরকারের খাদ্য-কৃষি থেকে শুরু করে ক্রিকেট বিতর্কেও জড়ান তিনি। নির্বাচন না করার কথা গত বছরই জানিয়ে দেন পাওয়ার। টাইমস অব ইন্ডিয়া।