নির্বাচনে পরাজয় হলে মেনে নেব: চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ গত শুক্রবার পার্লামেন্টে বলেছেন, চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী কোনো প্রার্থী জয়ী হলে তিনিই সবার আগে তাঁকে স্বীকৃতি দেবেন। একই সঙ্গে তাঁর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। আগামী ৭ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনে হেরে গেলে চাভেজ তা মেনে নেবেন না বলে তাঁর কট্টর সমালোচকদের মন্তব্য। চাভেজ তা নাকচ করে বলেন, ‘আপনাদের কেউ নির্বাচনে জিতলে আমিই সবার আগে তা মেনে নেব। একই কাজ করার জন্য আমি আপনাদেরও আহ্বান জানাচ্ছি। বিশ্বকে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরাও গণতান্ত্রিক বিপ্লব অর্জন করেছি।’ ১৩ বছরের ক্ষমতায় চাভেজ সম্ভবত এবারই সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন। গত জুনে তাঁর অস্ত্রোপচার করা হয়। এরপর চারবার দেওয়া হয় কেমোথেরাপি। এই অবস্থায় নতুন করে গঠিত বিরোধী জোট আশা করছে, নির্বাচনে ভালো করার এটাই তাদের সবচেয়ে ভালো সুযোগ। তবে বেশির ভাগ বিশ্লেষক বলছেন, পরিস্থিতি যা-ই হোক, জনপ্রিয়তায় চাভেজই এগিয়ে। অতএব তিনিই আবার ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এএফপি ও রয়টার্স।