নির্বাচনে যাওয়া নিয়ে দ্বিধায় বিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার। তবে এতে অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে বিরোধীরা। প্রধান বিরোধী দল এ বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল সোমবার থেকে দুদিনের বৈঠক শুরু করেছে। দলটির একজন জ্যেষ্ঠ সদস্য বলেন, নির্বাচনের আগে বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা এবং তাঁর ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের জের ধরে প্রধানমন্ত্রী ইংলাক আগাম নির্বাচনের ঘোষণা দেন। তবে বিক্ষোভকারীরা তাঁর এই ঘোষণা প্রত্যাখ্যান করে ইংলাকের পদত্যাগ দাবি করেছে; পাশাপাশি অনির্বাচিত ‘পিপলস কাউন্সিল’-এর কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি তুলেছে।

ইংলাকের ভাই ২০১০ সালে ক্ষমতাচ্যুত হন। বর্তমানে তিনি স্বেচ্ছানির্বাসনে দুবাই রয়েছেন। তবে এক দশক ধরে তাঁর ঘনিষ্ঠজনেরা দেশের ক্ষমতায় থাকায় প্রশাসনে তাঁর যে প্রভাব রয়ে গেছে, তাতে সংস্কার আনা দরকার বলে মনে করে বিক্ষোভকারীরা।

ব্যাংককের অভিজাত ব্যক্তিদের পাশাপাশি থাইল্যান্ডের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিও বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে আসছে। থাইল্যান্ডের সবচেয়ে পুরোনো এই দলের সব আইনপ্রণেতা বিক্ষোভ শুরু হওয়ার পর চলতি মাসে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন। তাঁদের অনেকে বিক্ষোভেও যোগ দেন। তাঁদের মধ্যে রয়েছেন আপিসিত ভেজ্জাজিওয়া, যিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।

তবে আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের ব্যাপারে এখনো নিজেদের অবস্থান পরিষ্কার করেননি ডেমোক্র্যাটরা। দলটি যদি নির্বাচন বর্জনের ঘোষণা দেয়, তবে এ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে এবং চলমান রাজনৈতিক অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হবে।

ডেমোক্রেটিক পার্টির নেতারা গতকাল থেকে রাজধানী ব্যাংককে দুদিনের এক বৈঠকে মিলিত হন। আসন্ন নির্বাচনে অংশ নেওয়া না-নেওয়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বৈঠকের আগে দলটির জ্যেষ্ঠ নেতা কর্ন চটিকাভানিজ ফেসবুকে এক মন্তব্যে বলেন, নির্বাচনের আগেই তিনি সংস্কার বাস্তবায়ন দেখতে চান। আরেক জ্যেষ্ঠ নেতা সুথেপ থাগসুবানের সঙ্গে মতভিন্নতার বিষয়টিও স্বীকার করেন তিনি। দীর্ঘদিনের আইনপ্রণেতা সুথেপ চলমান বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন।

সুথেপই ইংলাককে সরিয়ে অনির্বাচিত ‘পিপলস কাউন্সিল’ গঠনের দাবি জানিয়ে আসছেন। এর মাধ্যমেই সংস্কার বাস্তবায়ন করতে হবে—এই দাবি তুলে তিনি বলছেন, বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের এই কাউন্সিলে রাখতে হবে। তবে প্রধানমন্ত্রী ইংলাক পদত্যাগ করার দাবি প্রত্যাখ্যান করে আসছেন। রয়টার্স।