নির্বাচনে লড়বেন না সারাহ পেলিন
যুক্তরাষ্ট্রের আলাস্কার সাবেক গভর্নর ও বিগত নির্বাচনে রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দিয়েছেন।গতকাল বুধবার ব্যক্তিগত ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ৪৭ বছর বয়সী পেলিন বলেন, অনেক চিন্তাভাবনার পর তিনি নির্বাচন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে, তাঁর প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়া নিয়ে যে জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছিল, এর অবসান হলো।পেলিন বলেন, সামনের দিনগুলোতে তিনি রিপাবলিকান প্রার্থীর পক্ষে প্রচারণা, সিনেটে আসন পুনরুদ্ধার ও সরকার পরিচালনায় কৌশলগত সহযোগিতা করবেন।নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়ার একদিন পর পেলিন এই ঘোষণা দিলেন।পেলিন বলেন, ‘অনেক চিন্তা ভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি, ২০১২ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে দলের প্রাথমিক বাছাইয়ে অংশ নেব না।’পেলিন বলেন, ‘আমার পরিবার এবং অবশ্যই টড (স্বামী টড পেলিন) সবকিছুর আগে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে পারিবারিক জীবন নিয়ে অনেক চিন্তাভাবনা করেছি।’পেলিন প্রার্থী না হওয়ার ঘোষণায় তাঁর অনেক সমর্থক হতাশ হন। যাঁরা তাঁকে সমর্থন দিয়েছিলেন, তাঁদের হূদয়ের অন্তস্তল থেকে ধন্যবাদ জানান পেলিন। এএফপি, রয়টার্স।