নির্বাচনে সেনা সহায়তা চেয়েছে থাই সরকার
নির্বাচনে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে থাইল্যান্ডের ইংলাক সিনাওয়াত্রার সরকার। তবে সেনাবাহিনী সরকারের এই আহ্বানে সাড়া দেয়নি। বরং তারা দুই পক্ষকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা।
থাইল্যান্ডে প্রায় এক মাস ধরে চরম রাজনৈতিক সহিংসতা চলছে। গত বৃহস্পতিবার দুই ব্যক্তির প্রাণহানির পাশাপাশি বহু লোক আহত হয়েছে। একটি স্টেডিয়ামে প্রার্থীদের নাম নিবন্ধনের সময় বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
বিক্ষোভকারীদের এই সহিংস আচরণ এবং তাঁদের নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে সরকার বলেছে, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে।
সেনাপ্রধান গতকাল শুক্রবার সরকারের অনুরোধে সাড়া না দিয়ে বিবদমান দুই পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। বিবিসি।