নির্বাচনে হার ১৫৮ বার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে পদ্মরঞ্জন
কে পদ্মরঞ্জন

নির্বাচনে ১৫৮ বার লড়ে প্রতিবারই হেরেছেন। তাতে কী? এ নিয়ে মোটেও আফসোস নেই ভারতীয় দোকানমালিক কে পদ্মরঞ্জনের; বরং গণমানুষের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচনে লড়ে হেরেছেন, এভাবে ব্যাপারটাকে উপভোগ করেন তিনি।

একজন মানুষ জীবনে কতবারই বা হেরে যেতে পারেন! হেরে যেতে যেতে কতবারই বা আর ধৈর্য ধরতে পারেন? ভারতের তামিলনাড়ু রাজ্যের পদ্মরঞ্জন এ ভাবনায় যেন ছাই ঢেলে দিয়েছেন।

আজ বুধবার বার্তা সংস্থা এএফপির এক খবরে জানানো হয়, হোমিওপ্যাথি চিকিত্সাচর্চা করেন পদ্মরঞ্জন। তবে তাঁর মূল পেশা সাইকেল মেরামত করা। অন্যের সাইকেল মেরামত করতে করতে তিনি ভাবেন, সর্বোচ্চ পদে অদক্ষ মানুষের কারণে ভারতের গণতন্ত্রকে অশ্রদ্ধা করা হচ্ছে। এসব ভাবনা বেশ হতাশ করে তোলে তাঁকে। এই হতাশা কাটাতে ১৯৮৮ সালে তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নেন। প্রথমে স্থানীয় নির্বাচনে ও পরে জাতীয় নির্বাচনে অংশ নেন তিনি। প্রতিবারই হেরে যান।

এবারও লোকসভা নির্বাচনে গুজরাটের ভাদোদারায় বিজেপি থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির বিপক্ষে নির্বাচনে দাঁড়িয়েছেন পদ্মরঞ্জন। শুধু তা-ই নয়, অটল বিহারি বাজপেয়ী ও মনমোহন সিং ভারতের বাঘা বাঘা রাজনীতিকদের বিপক্ষেও নির্বাচনে লড়েছেন তিনি। কিন্তু ফলাফল যে ওই হেরে যাওয়া—এটা যেন আগে থেকেই জানেন পদ্মরঞ্জন।

২৬ বছর ধরে নির্বাচনে হেরে এ পর্যন্ত তাঁর মোট ১২ লাখ রুপি জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। এতে মোটেও আক্ষেপ নেই তাঁর। কারণ নির্বাচনে বারবার হেরেও তিনি নিজের নামটি লিখিয়ে নিয়েছেন ভারতের লিমকা বুক অব রেকর্ডসে। রেকর্ড বুকে তিনি এখন ভারতের নির্বাচনে সবচেয়ে বেশি বার হেরে যাওয়া জীবিত ব্যক্তি। তাঁর নাম এখন অনেকেই জানেন।

পদ্মরঞ্জন বলেন, ‘আমি অন্যের সাইকেল মেরামত করি। আমি একজন সাধারণ মানুষ। আমার তেমন কোনো আয় বা সামাজিক মর্যাদা নেই। কিন্তু তবুও এখন মানুষ আমাকে জানে। এটা ভালো লাগে।’


তিনি বলেন, ‘আমি কখনো জেতার উদ্দেশে নির্বাচন করি না। জেতাটা আমার কাছে খুব একটা গুরুত্ব পায় না। নির্বাচন নিয়ে তেমন কোনো প্রচারও নেই। তার পরও দেখি, অনেকেই আমাকে ভোট দেয়। ২০১১ সালের নির্বাচনে তামিলনাড়ু থেকে আমি ছয় হাজার ২৭৩ ভোট পেয়েছিলাম। এতেই আমি আশাবাদী যে, কিছু জনগণের ভেতর সচেতনতা আছে এবং এভাবেই একদিন বিজয় আসবে।’


এভাবে বারবার হেরে গেলেও নির্বাচনে লড়ে যেতে চান পদ্মরঞ্জন। হেরে গিয়ে তিনি যে রেকর্ড গড়েছেন, তা তিনি ধরে রাখতে চান। তবে পদ্মরঞ্জনের আগে লিমকা বুকে আরেকজনের নাম আছে। তিন শতাধিকবার নির্বাচনে হেরে রেকর্ড বুকে এই নামটি লিখিয়েছিলেন কাকা জগিন্দর সিং। ১৯৯৮ সালে তিনি মারা যান।