নির্বাচনের জন্য ভেঙে দেওয়া হলো মালয়েশিয়ার পার্লামেন্ট
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক গতকাল বুধবার সে দেশের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। আসন্ন সাধারণ নির্বাচনের পথ সুগম করতে এ ঘোষণা দেন তিনি।চলতি মাসেই নাজিবের ক্ষমতাসীন জোট সরকারের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। এ মাসের মধ্যেই সাধারণ নির্বাচন ঘোষণা করতে সরকারের ওপর সাংবিধানিক বাধ্যবাধকতা আছে।গতকাল টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে নাজিব বলেন, ‘আবার যদি ক্ষমতায় আসি, তা অবশ্যই শান্তিপূর্ণ পথে আসব। এটা আমাদের প্রতিশ্রুতি।’ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিরোধী দলগুলোকে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান তিনি। এ ছাড়া ভোটে পরাজিত হলেও ফলাফল মেনে নেবেন বলে জানান প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় আগামী ৬০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। তবে চলতি মাসেই ভোটের আয়োজন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাজিবের নেতৃত্বাধীন ন্যাশনাল ফ্রন্ট গত ৫০ বছরেরও বেশি সময় ধরে মালয়েশিয়া শাসন করে আসছে। জোট সরকারের দুর্নীতি, অপরাধ ও দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে ব্যর্থতার অভিযোগ রয়েছে। এ ছাড়া এবারের নির্বাচনে নাজিবকে বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের মতো বড় বড় প্রতিদ্বন্দ্বীকে মোকাবিলা করতে হবে।২০০৮-এর নির্বাচনে ন্যাশনাল ফ্রন্ট প্রথমবারের মতো পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ব্যর্থ হয়।নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচনী কর্মকর্তারা বৈঠক করবেন। এএফপি।