নির্বাচনের তারিখ ঘোষণা করলেন মুরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে আগামী ২৭ এপ্রিল থেকে পার্লামেন্ট নির্বাচন শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন তিনি।ডিক্রিতে বলা হয়, ২৭ এপ্রিল থেকে শুরু হয়ে চার ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষ হবে জুনের শেষ সপ্তাহে।ডিক্রি অনুযায়ী, নতুন পার্লামেন্টের অধিবেশন বসবে আগামী ৬ জুলাই। এই নির্বাচনের মধ্য দিয়ে মিসরে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা দূর হবে বলে আশা করছে ক্ষমতাসীন ইসলামপন্থী দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি। সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর গত বছরের জানুয়ারি মাসে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট মুরসি। পরে আদালত নির্বাচনী আইনকে অসাংবিধানিক ঘোষণা করলে গত জুনে ইসলামপন্থীদের সংখ্যাগরিষ্ট পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়।বিরোধী দলগুলোর দাবি, প্রেসিডেন্ট মুরসি সাবেক প্রেসিডেন্ট মোবারকের আমলের মতোই মিসরে নতুন করে স্বৈরতন্ত্র কায়েম করেছেন। তবে মুরসি ও তাঁর দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।বিশ্লেষকদের মতে, বিরোধী দলগুলো এই নির্বাচনে অংশ নেবে, নাকি একে অবৈধ হিসেবে চিহ্নিত করে বর্জন করবে, তাদের এখন সেই সিদ্ধান্ত নিতে হবে। এটি এখন তাদের জন্য প্রকৃত অর্থেই ‘উভয় সংকট’ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। রয়টার্স ও বিবিসি।