নির্বাচনের প্রস্তাব থাই প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলাক সিনাওয়াত্রা
ইংলাক সিনাওয়াত্রা

থাইল্যান্ডে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সংকট সমাধানে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আগ্রহের কথা জানিয়েছেন। বিরোধীদলীয় পার্লামেন্ট সদস্যদের গণপদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পর রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হওয়ায় গতকাল রোববার তিনি এই আগ্রহের কথা ব্যক্ত করেন।
রাজধানী ব্যাংককে বিরোধীরা আজ সোমবার বড় ধরনের আরেকটি বিক্ষোভ-সমাবেশের আয়োজন করতে যাচ্ছে। এরই মধ্যে বিক্ষোভের আয়োজক নেতারা প্রধানমন্ত্রী ইংলাককে পদত্যাগে বাধ্য এবং নির্বাসনে থাকা তাঁর ভাই থাকসিন সিনাওয়াত্রার প্রভাব দূর করতে আজ সোমবার চূড়ান্ত শক্তি প্রদর্শনের ঘোষণা দিয়েছেন।
বিক্ষোভকারীরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান দেখাতে রাজি হবেন, এমন শর্তে প্রধানমন্ত্রী ইংলাক গতকাল নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেন। বিক্ষোভকারীদের মধ্যে রাজতন্ত্রের সমর্থক, মধ্যম শ্রেণীর জনগণ ও থাকসিনবিরোধীরা রয়েছেন।
এক টেলিভিশন ভাষণে ইংলাক বলেন, ‘সংখ্যাগরিষ্ঠরা চাইলে সরকার পার্লামেন্ট ভেঙে দিতে প্রস্তুত।’ এ সময় তিনি স্মরণ করিয়ে দেন, এমন পরিস্থিতিতে আইন অনুযায়ী ৬০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। তবে তিনি বলেন, ‘যদি আন্দোলনকারীরা এটা মেনে না নেয় বা নির্বাচনী ফলাফল গ্রহণ না করে, তাহলে সংঘাত-সহিংসতা কেবল দীর্ঘায়িত হবে।’
প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ‘একটা অনির্বাচিত সরকার দেশের সুনাম ও স্থিতিশীলতা নষ্ট করবে। বিক্ষোভকারীরা যদি তাই চান, তাহলে সংখ্যাগরিষ্ঠ জনগণের আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন ওঠা উচিত।’ সংকট নিরসনে তিনি গণভোটের ধারণাও ব্যক্ত করেন।
কিন্তু বিরোধী নেতারা বলেন, তাঁরা নতুন নির্বাচন দিলেই সন্তুষ্ট থাকবেন, এমনটি নয়। এদিকে পার্লামেন্ট সদস্যদের গণপদত্যাগ প্রসঙ্গে বিরোধী ডেমোক্র্যাট পার্টির আইনপ্রণেতা সিরিচক সোফা বলেন, ‘থাকসিন শাসনামলের বিরুদ্ধে বিক্ষোভে জনতার কাতারে শামিল হতেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’
ইতিমধ্যে বিক্ষোভকারীদের নেতা সুথেপ থাগসুবান সরকারকে হটাতে আজ চূড়ান্ত আঘাত হানার আহ্বান জানিয়ে বলেন, ‘এটা হবে বিচার দিবস।’ বিদ্রোহের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানার সম্মুখীন সাবেক এই উপপ্রধানমন্ত্রী অঙ্গীকার করেন, এদিন সরকারি দপ্তরগুলোতে বিক্ষোভকারীদের বিপুল সমাগম না হলে তিনি কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন। এএফপি।