নির্বাচিত হওয়ার পরই বিক্ষোভের মুখে লিউং
হংকং সরকারের প্রধান হিসেবে লিউং চান-ইয়ুং নির্বাচিত হতে না হতেই তাঁর বিরুদ্ধে হাজার হাজার মানুষ গতকাল রোববার বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা ‘এক ব্যক্তি, এক ভোট’, ‘লিউংয়ের অপসারণ চাই’, ‘গণতন্ত্রের মৃত্যু’, ‘নেকড়েটা এখনো আছে’—এসব স্লোগান ও ব্যানারে বিক্ষোভ করে। তারা বেইজিংয়ের প্রতিনিধিদের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। হংকংয়ের প্রধান নির্বাহী হিসেবে লিউং চান গত ২৫ মার্চ নির্বাচিত হওয়ার পর এটিই বড় ধরনের বিক্ষোভ। বেইজিং-সমর্থিত এক হাজার ২০০ জনের নির্বাচন কমিটির মাধ্যমে লিউং চান নির্বাচিত হন। হঠাৎ করে তাঁর বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভের পেছনে কারণও রয়েছে। সমপ্রতি অবসরপ্রাপ্ত নেতা ল্যাম সাম সিংয়ের সঙ্গে তাঁকে একটি ছবিতে দেখা গেছে। ওই ছবিতে ল্যাম সামকে সবুজ রঙের সামরিক পোশাক ও মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়। ল্যাম সাম জানান, লিউং চান যে বেইজিংয়ের লোক, সেটি বুঝাতে তিনি এ ধরনের পোশাক পরেছিলেন। লিউং চান ৭০ লাখ জনগণের নির্বাচিত কোনো প্রতিনিধি নন। বরং তিনি বেইজিংয়ের অভিজাত নির্বাচন কমিটির মাত্র ৬৮৯ জন সদস্যদের সমর্থনে নির্বাচিত।বিক্ষোভকারীরা ঠিক কত জন ছিল, সে সম্পর্কে পুলিশ বা বিক্ষোভকারীদের সংগঠন কিছু জানায়নি। তবে পাঁচ হাজারের মতো হতে পারে বলে বার্তা সংস্থার খবরে বলা হয়। বিবিসি।