নির্বাচেন যাচ্ছে না বিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে আসন্ন পার্লামেন্ট নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি৷ প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগসহ বেশ কিছু বিষয় সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে দলটি৷ আগামী ২ ফেব্রুয়ারি দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা৷ এই পরিস্থিতিতে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছে সামরিক বাহিনী৷
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ নেতা আপিসিত ভেজ্জাজিওয়া গতকাল নির্বাচন বর্জনের কথা ঘোষণা করেন৷ সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলীয় ফোরামে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল প্রায়ুথ চ্যান-ওচা আশঙ্কা প্রকাশ করে বলেন, রাজনৈতিক বিভক্তি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে৷ এই সংকট কাটাতে রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে বেসামরিক নাগরিকদের নিয়ে ‘পিপলস অ্যাসেম্বলি’ গঠনের প্রস্তাব করেন তিনি৷
এদিকে বিশ্লেষকদের মতে, ডেমোক্রেটিক পার্টি নির্বাচনে অংশ না নিলে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরে যাওয়ার ঝুঁকিতে পড়বে৷ আর নির্বাচনে গেলে প্রধানমন্ত্রী ইংলাকের পদত্যাগের দাবিতে রাজপথে নামা হাজার হাজার কর্মী হতাশ হবেন৷ ফলে উভয়সংকটে পড়েছে শত বছরের পুরোনো থাই রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি৷
থাইল্যান্ডের চিয়াং মাই ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথ ইস্ট এশিয়ান অ্যাফেয়ার্সের গবেষণাবিষয়ক পরিচালক পল চ্যাম্বার্স বলেন, ডেমোক্রেটিক পার্টি নির্বাচন বর্জন করলে তার দখলে থাকা কিছু আসন ক্ষমতাসীন পুয়ে থাই পার্টির দখলে চলে যাবে৷ এটা শত বছরের পুরোনো দলটির জন্য ভালো ফল বয়ে আনবে না৷
এদিকে আজ রোববার প্রধানমন্ত্রী ইংলাকের পদত্যাগের দাবিতে বড় আকারের সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে দলটি৷ দলটির পার্লামেন্ট সদস্যরা ইতিমধ্যে পদত্যাগ করেছেন৷ আজকের সমাবেশে তাঁরাও যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে৷ এই সমাবেশের নেতৃত্ব দেবেন সরকারবিরোধী আন্দোলনের প্রধান নেতা সুথেপ থগসুবান৷ বর্তমান পরিস্থিতিতে দেশটির সেনাবাহিনীর সমর্থন চেয়েছিলেন সুথেপ৷ তবে সেনাবাহিনী সরাসরি তা প্রত্যাখ্যান করেছে৷ প্রধানমন্ত্রী ইংলাকের পদত্যাগের দাবিতে গত মাসের শেষ সপ্তাহে জোরালো আন্দোলন শুরু করে বিরোধীরা। এএফপি৷