নির্বাসনে যাওয়ার চুক্তি মেনে নিলেন জেলায়া
হন্ডুরাসের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়া ডোমিনিকান রিপাবলিকে নির্বাসনে যাওয়ার ব্যাপারে সমঝোতা চুক্তি মেনে নিয়েছেন। তিনি বর্তমানে রাজধানী তেগুচিগালপায় ব্রাজিল দূতাবাসে অবস্থান করছেন। গত বছরের ২৮ জুন এক অভ্যুত্থানে জেলায়াকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায় সে দেশের সামরিক বাহিনী। এরপর গোপনে দেশে ফিরে ব্রাজিল দূতাবাসে আশ্রয় নেন জেলায়া।গত শনিবার স্থানীয় রেডিও গ্লোবোকে জেলায়া বলেন, ২৭ জানুয়ারি তিনি ডোমিনিকান রিপাবলিকের উদ্দেশে দেশ ছেড়ে যাবেন। গত সপ্তাহে সে দেশের প্রেসিডেন্ট লিওনেল ফারনান্দেজের সঙ্গে হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া পোরফিরিও লোবোর এক চুক্তি অনুযায়ী ডোমিনিকান রিপাবলিকে আশ্রয় নিতে যাচ্ছেন জেলায়া। ২৭ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন লোবো।জেলায়া বলেন, তিনি এখন দূতাবাসের মেঝেতে জাজিম বিছিয়ে ঘুমান। তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে দেশ ছাড়বেন এবং দেশে যখন ন্যায়নিষ্ঠ ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তখন ফিরবেন। জেলায়াকে দূতাবাসে আশ্রয় দেওয়া ও তাঁকে সমর্থন জানানোর কারণে ব্রাজিলের সঙ্গে হন্ডুরাসের কূটনৈতিক সম্পর্কের যথেষ্ট অবনতি হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।