নির্বাসিত তিব্বতিদের সমাবেশ কাল
তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে আত্মাহুতির হার বেড়ে যাওয়া এবং চীনে নেতৃত্ব পরিবর্তনের প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন স্থানে নির্বাসিত তিব্বতিরা কাল মঙ্গলবার গত চার বছরের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছেন।ভারতের পার্বত্য শহর ধর্মশালায় মিলিত হয়ে ৪০০ তিব্বতি প্রতিনিধি তিব্বতের তরুণ প্রজন্মের মধ্যে ক্রমবর্ধমান হতাশা নিরসনে কর্মপন্থা নির্ধারণের চেষ্টা করবেন।সম্প্রতি হতাশার কারণে তিব্বতিরা নজিরবিহীনভাবে প্রাণঘাতী প্রতিবাদের আশ্রয় নিচ্ছেন।চার দিনব্যাপী সম্মেলনের আগে তিব্বতি প্রধানমন্ত্রী লোবসাং সাঙ্গে ধর্মশালা থেকে টেলিফোনে এএফপিকে বলেন, চীন সরকারের দমন-পীড়ন এবং তিব্বতের অভ্যন্তরে বিদ্যমান অসহনীয় পরিস্থিতির নিরিখে বিভিন্ন দেশে বসবাসরত তিব্বতিরা মিলিত হবেন। তিনি বলেন, সেখানে তিব্বতিদের আর্তনাদ ও দুর্ভোগ যাতে বৃথা না যায়, তা নিশ্চিত করার উপায় খুঁজে বের করা হবে। এএফপি।