নির্বাসিত রানির বাড়ি ফেরা...
বহু বছর পর বাড়ি ফিরছেন যুগোস্লাভিয়ার নির্বাসিত রানি মারিয়া। স্বামীর ভিটামাটিতে প্রয়াত এই রানির স্থায়ী ঠাঁই হতে চলেছে। যুক্তরাজ্যের উইন্ডসরে রাজ-সমাধিস্থান থেকে আজ মঙ্গলবার তাঁকে বেলগ্রেডে নিয়ে আসা হচ্ছে। কবর থেকে গত শুক্রবারই তাঁর দেহাবশেষ তোলা হয়।যুগোস্লাভিয়ার রাজা প্রথম আলেকজান্ডারের স্ত্রী রানি মারিয়া। ১৯৩৪ সালে মারসেইল নগরে বুলগেরিয়ার এক আততায়ীর হাতে স্বামী প্রাণ হারান। এরপর সিংহাসনে বসেন মারিয়ার বড় ছেলে পিটার দ্বিতীয়। পরে ছেলে পিটারকে নির্বাসনে যেতে বাধ্য করে নাজি বাহিনী। পিটার ছিলেন যুগোস্লাভিয়ার সর্বশেষ রাজা। ছেলের রাজত্বকালে (১৯৪১ সাল) ‘রানি মা’ উপাধিতে ভূষিত হন মারিয়া। মারিয়ার জন্ম ১৯০০ সালে জার্মানিতে।স্বামী আলেকজান্ডারের হত্যাকাণ্ড এবং ছেলে পিটারের নির্বাসিত হওয়ার ঘটনার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুগোস্লাভিয়া থেকে নির্বাসিত হতে হয় মারিয়াকেও। তিনি যুক্তরাজ্যে চলে যান। ডিউক অব এডিনবার্গ প্রিন্স আলফ্রেডের নাতি ছিলেন রানি মারিয়া। আলফ্রেড ছিলেন যুক্তরাজ্যের রানি ভিক্টোরিয়ার ছেলে।যুক্তরাজ্য থেকে অনেক বছর পর সার্বিয়ার (সাবেক যুগোস্লাভিয়া থেকে হওয়া স্বাধীন রাষ্ট্র) রাজধানী বেলগ্রেডে ফেরার মধ্য দিয়ে মৃত্যুর পর হলেও মারিয়ার সেই নির্বাসিত জীবনের ইতি ঘটতে চলেছে। নির্বাসিত জীবন শুরুর পর থেকে মৃত্যুর (১৯৬১ সাল) আগমুহূর্ত পর্যন্ত তিনি যুক্তরাজ্যেই ছিলেন।১৯৪৫ সালে যুগোস্লাভিয়ার শাসনক্ষমতায় আসেন কমিউনিস্ট নেতা মার্শাল জোসেফ টিটো। তিনি রানি মারিয়াকে কখনোই দেশে ফেরার সুযোগ দেননি। তবে বর্তমান সার্বিয়া সরকার নির্বাসিত রাজপরিবারকে দেশে ফেরার অনুমতি দিয়েছে। যদিও দেশটিতে এখন এই রাজপরিবারের সাংবিধানিক কোনো ভূমিকা নেই।একজন সরকারি মুখপাত্র বলেন, সার্বিয়ার রাজপরিবারের সদস্যরাই রানি মারিয়ার দেহাবশেষ দেশে আনার সব ব্যবস্থা করেছেন। মুখপাত্র বলেন, ‘এটি আমাদের জন্য খুবই আবেগের একটি বিষয়। আধুনিক সার্বিয়ার জন্য এক বিশাল পাওয়া। এ এক ঐতিহাসিক মুহূর্ত।’কর্মকর্তারা জানান, রানি দ্বিতীয় এলিজাবেথের অনুমতিক্রমে শুক্রবার রানি মারিয়ার দেহাবশেষ তোলা হয়। উইন্ডসর থেকে রোববার এই দেহাবশেষ লন্ডনে সার্বীয় অর্থডক্স গির্জায় স্থানান্তর করা হয়। প্রয়াত রানির প্রতি আরেকবার শ্রদ্ধা নিবেদনে গতকাল লন্ডনে একটি অনুষ্ঠান হয়েছে। আজ ওই দেহাবশেষ বিশেষ বিমানে করে বেলগ্রেড নিয়ে যাওয়া হবে। দ্য টেলিগ্রাফ।