নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার প্যারা মেডিকেলের ছাত্রী নির্ভয়ার (ছদ্মনাম) বাবা বলেছেন, তাঁর মেয়ের ওপর হামলাকারী ব্যক্তিরা যে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছে, তা তাদের প্রাপ্য ছিল। এ ছাড়া তিনি আশা প্রকাশ করেছেন, নির্ভয়ার দৃষ্টান্ত অন্য নারীদের শক্তিশালী করবে।
অস্ট্রেলিয়ার এবিসি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্ভয়ার বাবা এ অভিমত দেন।
গত সোমবার রাতে টেলিভিশন চ্যানেল অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) নির্ভয়ার বাবার এ সাক্ষাৎকার সম্প্রচার করে। এতে মেয়েটির বাবা বলেন, ‘আমার আশা, নারীদের জন্য অধিকতর নিরাপদ এক বিশ্ব গড়তে ওই ঘটনা পরিবর্তন বয়ে আনবে। এই পরিবর্তন কেবল ভারতেই নয়, বরং সারা বিশ্বেই আসবে। সে (নির্ভয়া) নারীর ক্ষমতায়নের একটি প্রতীক। সে আগুনের শিখা জ্বেলে গেছে এবং এই শিখা জ্বালিয়ে রাখতে হবে।’
একই সাক্ষাৎকারে নির্ভয়ার মা বলেন, ‘নৃশংস অপরাধ সংঘটনকারী ওই ব্যক্তিদের মৃত্যুদণ্ড অবশ্যই কার্যকর করতে হবে। কেননা, তারা সমাজে টিকে থাকলে কেবল কলুষতাই ছড়াবে। তারা এ পৃথিবীর বুকে একটি বোঝা।’
২৩ বছর বয়সী নির্ভয়া গত বছরের ১৬ ডিসেম্বর রাতে সিনেমা দেখে বাসে চড়ে বাড়ি ফেরার সময় গণধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় ভারতের ভেতরে ও বাইরে নিন্দার ঝড় ওঠে। হাসপাতালে প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি মারা যান। এএফপি।