ইসলামকে অবমাননা করে চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস-এর নির্মাতাকে হত্যার জন্য এক লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছেন পাকিস্তানের একজন মন্ত্রী। গতকাল শনিবার তিনি এ পুরস্কার ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রে নির্মিত ওই চলচ্চিত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করা হয়েছে। এ নিয়ে কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভে উত্তাল মুসলিম বিশ্ব। বিভিন্ন স্থানে সহিংসতায় অনেক প্রাণহানি ঘটেছে। এর মধ্যে গত শুক্রবার পাকিস্তানে নিহত হয় ১৭ জন। পাকিস্তানের রেলমন্ত্রী গুলাম আহমেদ বিলৌর গতকাল পেশোয়ারে সাংবাদিকদের বলেন, ‘আমি আজ ঘোষণা দিচ্ছি, মহানবী (সা.)-কে যে ব্যক্তি অবমাননা করেছে, তাকে কেউ হত্যা করতে পারলে আমি সেই ব্যক্তিকে এক লাখ ডলার পুরস্কার দেব। এই মহান কাজ সম্পাদনে আমি তালেবান ও আল-কায়েদার ভাইদের প্রতিও আমন্ত্রণ জানাচ্ছি।’ ওই মন্ত্রী আরও বলেন, কেউ তাঁকে (মন্ত্রী) ওই চলচ্চিত্র নির্মাতাকে হত্যার সুযোগ দিলে তাদের হাতে তিনি ফাঁসিতে ঝুলতেও রাজি আছেন।অন্যদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মহানবী (সা.)-কে অবমাননা করায় তাঁর দেশের উদ্বেগের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করবেন। জারদারির দলের একজন জ্যেষ্ঠ নেতা গতকাল এ কথা জানান। এএফপি ও ডন।