পাকিস্তানের রেলমন্ত্রী গুলাম আহমাদ বিলৌর ইসলামবিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস-এর নির্মাতাকে হত্যা করতে পারলে এক লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে যে ঘোষণা দিয়েছেন, তার নিন্দা করেছেন দেশটির প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ।ইনোসেন্স অব মুসলিমস-এর প্রতিবাদে মার্কিনবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় গত শুক্রবার পাকিস্তানের পেশোয়ার ও করাচিতে অন্তত ২০ জন নিহত হয়। এর পরদিন গত শনিবার রেলমন্ত্রী গুলাম আহমাদ এই ঘোষণা দেন।পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সাফকাত জলিল গতকাল রোববার বলেন, রেলমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী এএনপির প্রধানের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবেন। রেলমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও নাকচ করেননি শাফকাত।গুলাম আহমাদ বলেন, ‘যে কেউ ওই চলচ্চিত্রের নির্মাতাকে হত্যা করতে পারলে তাকে আমি এক লাখ মার্কিন ডলার পুরস্কার দেব। এরপর যদি কেউ এমন ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণ করে, সেই নির্মাতাকেও হত্যা করতে পারলেও একই পুরস্কার দেব।’ গুলাম আহমাদের দল ক্ষমতাসীন জোটের শরিক এএনপি বলেছে, এটা গুলাম আহমাদের ব্যক্তিগত অবস্থান—দলীয় নীতি নয়। তবে দল এ কারণে তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। বিবিসি, ডন।