পাকিস্তানের রেলমন্ত্রী গোলাম আহমেদ বিলৌর ইসলামবিরোধী মার্কিন চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস-এর নির্মাতার মাথার জন্য পুরস্কার ঘোষণা করায় এর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ ঘোষণার নিন্দা জানানো হয়। এদিকে চলচ্চিত্রটির বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে গতকাল সোমবারও বিক্ষোভ চলেছে।পাকিস্তানের রেলমন্ত্রী গত শনিবার ইনোসেন্স অব মুসলিমস-এর নির্মাতার মাথার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেন। নির্মাতাকে হত্যার জন্য তিনি আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের আমন্ত্রণও জানান। তাঁর এই পুরস্কার ঘোষণার পর গত রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ছবিটিকে আপত্তিকর, বিরক্তিকর ও নিন্দনীয় বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের দেওয়া বিবৃতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, কোনো সহিংসতার মধ্য দিয়ে এই নিন্দাযোগ্য কাজের প্রতিকার হতে পারে না। তা ছাড়া দায়িত্বশীল নেতাদের সহিংসতা রোধে কাজ করাটাও গুরুত্বপূর্ণ। এএফপি।