নির্যাতন সব সময়ই অন্যায়: ক্যামেরন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ‘স্পষ্টভাবে বলতে চাই, নির্যাতন অন্যায়। নির্যাতন সব সময়ই অন্যায়।’
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) জিজ্ঞাসাবাদ-কৌশল নিয়ে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সংশ্লিষ্ট কমিটির প্রকাশ করা প্রতিবেদনের প্রতিক্রিয়ায় গতকাল মঙ্গলবার তুরস্কের আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ক্যামেরন।
প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ক্যামেরন বলেন, সন্ত্রাসীদের মোকাবিলায় নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ফল এক্কেবারে উল্টোটি হচ্ছে।
ক্যামেরন উল্লেখ করেন, ‘আমাদের মধ্যে যাঁরা একটি নিরাপদ, অধিক নিশ্চিন্ত বিশ্ব দেখতে চান, তাঁরা সন্ত্রাসীদের পরাজয় দেখতে চান। কিন্তু নৈতিকতা হারালে আমরা সফল হব না।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ‘নাইন-ইলেভেনের পর যা ঘটেছে, তা নিঃসন্দেহে অন্যায়। আমাদের এটা পরিষ্কার করা উচিত যে অন্যায় হয়েছে।’
সিআইএকে সহায়তা করার অভিযোগে যুক্তরাজ্যেও সমালোচনা হচ্ছে।
২০০১ সালের ‘নাইন-ইলেভেন’ হামলার পর আটক আল-কায়েদার বন্দীদের জিজ্ঞাসাবাদের সময় ‘নির্মম নির্যাতন’ করেছিল যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এভাবে ভয়ংকর কৌশলের মাধ্যমে জিজ্ঞাসাবাদে পাওয়া ভুল তথ্য দিয়ে আল-কায়েদা ও সন্ত্রাসী হুমকি সম্পর্কে হোয়াইট হাউস ও মার্কিন কংগ্রেসকে বিভ্রান্ত করেছিল সংস্থাটি।
সিআইএর ওই জিজ্ঞাসাবাদ-কৌশল নিয়ে গতকাল প্রকাশ করা এক প্রতিবেদনে এসব কথা বলেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সংশ্লিষ্ট কমিটি। এ প্রতিবেদনের জের ধরে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র গতকাল বিশ্বজুড়ে সতর্কতা জারি করে।
সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে বহু বন্দীকে জিজ্ঞাসাবাদে সিআইএ যে গোপন কার্যক্রম চালিয়েছিল, প্রতিবেদনটিকে তার একটি মারাত্মক প্রমাণ হিসেবে দেখা হবে বলে মনে করা হচ্ছে।
বারাক ওবামা ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ওই বিতর্কিত জিজ্ঞাসাবাদ পদ্ধতি বাতিল করেন। তিনি একে ‘নির্যাতন’ বলে আখ্যা দিয়েছিলেন।