নির্যাতনেই পাকিস্তানি সাংবাদিক শাহজাদের মৃত্যু হয়: চিকিৎসক
পাকিস্তানি সাংবাদিক সালিম শাহজাদের লাশ গত মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসকেরা জানান, নির্যাতনের কারণেই শাহজাদের মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পেতে ২৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে।সাংবাদিক শাহজাদের হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।পুলিশ জানায়, রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় দেড় শ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি জায়গা থেকে সাংবাদিক শাহজাদের লাশ উদ্ধার করা হয়। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে সাংবাদিক শাহজাদের লাশের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক অশোক কুমার বলেন, ‘নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। শরীর ও মুখমণ্ডলে নির্যাতনের চিহ্ন রয়েছে।’ আরেকজন চিকিৎসক জানান, নির্যাতনের কারণে তাঁর ফুসফুস ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর শরীরে ১৫টিরও বেশি স্থানে আঘাতের চিহ্ন আছে।ইতালির সংবাদ সংস্থা আদংকরোনোস (একেআই) ও এশিয়া টাইমস অনলাইনের সাংবাদিক ছিলেন শাহজাদ। একটি টেলিভিশনের টক শোতে যোগ দেওয়ার উদ্দেশ্যে গত রোববার তাঁর ইসলামাবাদের বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। এর দুদিন আগে পাকিস্তানের নৌবাহিনী ও আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সম্পর্কের বিষয়ে এশিয়া টাইমস অনলাইনে একটি নিবন্ধ লেখেন শাহজাদ। তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে হুমকিও পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকজানান, সাংবাদিক শাহজাদের হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ড সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারলে তাঁকে ২৫ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে।শাহজাদের ভাই ওয়াসিম ফাওয়াদ জানান, তাঁরা পুরো ঘটনার তদন্ত চান। তিনি বলেন, ‘সত্য কথা লেখার কারণে আমার ভাইকে হত্যা করা হয়েছে।’এক বিবৃতিতে হিলারি ক্লিনটন বলেন, ‘যুক্তরাষ্ট্র সালিম শাহজাদকে অপহরণ ও হত্যার ঘটনার নিন্দা জানায়। শাহজাদ সন্ত্রাসবাদ ও গোয়েন্দা ইস্যু নিয়ে কাজ করতেন। এতে সন্ত্রাসবাদের কারণে পাকিস্তানের স্থিতিশীলতা সংকটে পড়ার বিষয়টি উঠে আসে।’ এএফপি।