নিল আর্মস্ট্রংয়ের শেষকৃত্য সম্পন্ন
চাঁদের বুকে পা রাখা প্রথম মানুষ নিল আর্মস্ট্রংয়ের শেষকৃত্য শুক্রবার সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরে ওই শেষকৃত্য অনুষ্ঠানে কেবল পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুরা অংশ নেওয়ার সুযোগ পান। এদিকে মার্কিন নভোচারী আর্মস্ট্রংয়ের সম্মানে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে যুক্তরাষ্ট্রজুড়ে শুক্রবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পরিবারের কয়েকজন সদস্য, বন্ধুবান্ধব ও সহকর্মী নভোচারী সিনসিনাটি শহরতলির একটি ক্লাবে সমবেত হন। ৮২ বছর বয়সী আর্মস্ট্রং গত ২৫ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্মরণে ওয়াশিংটনে ১২ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। এতে জনসাধারণের অংশগ্রহণ উন্মুক্ত রাখা হবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) প্রধান চার্লস বোল্ডন বলেন, ‘চাঁদের বুকে নিল আর্মস্ট্রংয়ের প্রথম পদচিহ্ন অন্যান্যের জন্য আরেকটি গ্রহে অভিযানের পথ খুলে দিয়েছে।’প্রেসিডেন্ট ওবামা এর আগে বলেছিলেন, আর্মস্ট্রং কেবল তাঁর নিজের সময়েই নয়, সর্বকালের একজন নায়ক।১৯৬৯ সালের ২০ জুলাই আর্মস্ট্রংয়ের চাঁদে অবতরণ করেন। এএফপি ও বিবিসি।