নিল আর্মস্ট্রংয়ের স্বাক্ষরের জন্য...
চাঁদে প্রথম পদার্পণকারী মানুষ নিল আর্মস্ট্রংয়ের শুল্কসংক্রান্ত কাগজ চুরির ঘটনায় দুই মার্কিন নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে একটি আদালতে তাঁদের অভিযুক্ত করা হয়। আদালত সূত্রে জানা গেছে, আর্মস্ট্রংয়ের অটোগ্রাফ বা স্বাক্ষর বিক্রি করার লোভেই ওই অপকর্মটি করেন আসামিরা।মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আর্মস্ট্রং শুল্কসংক্রান্ত একটি ফরম পূরণ করে সই করেন। আসামি শুল্ক কর্মকর্তা থমাস চ্যাপম্যান আর্মস্ট্রংকে সাহায্য করার আগ্রহ দেখিয়ে ওই ফরমটি নেন এবং সেটি সংশ্লিষ্ট শাখায় জমা না দিয়ে পকেটে রেখে দেন। পরে চ্যাপম্যান ও তাঁর সহযোগী মামলার আরেক আসামি পল ব্রিকম্যান একটি অনলাইন নিলাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং আর্মস্ট্রং স্বাক্ষরিত ফরমটি নিলামে বিক্রি করে কিছু অর্থ কামানোর চেষ্টা করেন।বোস্টনে তদন্ত কর্মকর্তারা জানান, দোষী প্রমাণিত হলে আসামিদের প্রত্যেকের ১০ বছর কারাদণ্ড ও আড়াই লাখ ডলার জরিমানা করা হতে পারে। এএফপি।