নিলাম থেকে রক্ষা করা গেল না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ১২টি ছবি। গত মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত নিলামে ছবিগুলো ভারতীয় মুদ্রায় ১১ কোটি রুপিতে বিক্রি হয়। লন্ডনে বিখ্যাত নিলাম সংস্থা সদবিস নিলাম হাউসে অনুষ্ঠিত নিলামে বাঙালি চিকিৎসক অভিজিৎ লাহিড়ি দুই লাখ ২৩ হাজার ২৫০ পাউন্ডে কিনেছেন একটি ছবি। তিনি বলেন, ‘ছবির রংটি দারুণ পছন্দ হয়েছে, তাই কিনে নিলাম।’ তবে অন্য ছবিগুলোর ক্রেতার পরিচয় পাওয়া যায়নি। কবিগুরু ১৯৩৮-৩৯ সালে এই ছবিগুলো এঁকেছিলেন। তিনি ওই ১২টি ছবি বন্ধু লেওনার্দো এলমহার্স্ট ও তাঁর স্ত্রী ডরোথি এলমহার্স্টকে উপহার দেন। লন্ডনে ডেভনের ডার্টিংটন হল ট্রাস্টে এলমহার্স্টদের বাড়িতেই ছবিগুলো সংরক্ষিত ছিল। আগামী বছর একটি প্রদর্শনীতে ছবিগুলো শেষবারের মতো একসঙ্গে দেখা যাবে। এরপর বিভিন্ন আর্ট গ্যালারি আর ব্যক্তিগত সংগ্রহে ঠাঁই হবে এসব ছবির।রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আঁকা কয়েকটি ছবি নিলামে তোলা হচ্ছে—এমন খবরে ভারতের রবীন্দ্রানুরাগীরা ওই ছবি নিলামে না ওঠানোর দাবি তোলেন। তাঁরা সরকারি উদ্যোগে এসব ছবি ভারতে নিয়ে আসারও দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি লিখে ছবিগুলো দেশে ফিরিয়ে আনার আবেদনও জানিয়েছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ ১০ বছরেই প্রায় দুই হাজার ছবি আঁকেন।এদিকে রবীন্দ্রনাথের ছবি নিলামে বিক্রি হওয়ার সংবাদে বিশ্বভারতীতে হতাশার ছায়া নেমে আসে। বিশ্বভারতী এ বছর রবীন্দ্র চিত্রকলা নিয়ে যে মূল্যবান সংকলন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে তাতে এই ছবিগুলি থাকার কথা ছিল। কিন্তু সেসব ছবি নিলামে বিক্রি হয়ে যাওয়ায় বিশ্বভারতীর অধ্যাপক থেকে শুরু করে ছাত্র-ছাত্রী মহলে ব্যাপক ক্ষোভের সৃস্টি হয়েছে। কলকাতার কবি,সাহিত্যিক, শিল্পী সহ বুদ্ধিজীবী মহলেও ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা কোনক্রমেই মেনে নিতে পারছেননা এই নিলামকে। তাঁদের মতে, এসব ছবি জাতীয় সম্পদ। সেই জাতীয় সম্পদের নিলাম অত্যন্ত লজ্জার এবং দুভার্গ্যজনক।