নিলামে উঠছে মহাত্মা গান্ধীর চিঠি ও ছবি
ভারতের শান্তিবাদী মহান নেতা মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত বেশ কিছু চিঠি, কাগজপত্র ও ছবি আগামী ১০ জুলাই লন্ডনে নিলামে তোলা হবে। নিলামে এসব জিনিস বিক্রি করে ১০ লাখ মার্কিন ডলারের বেশি পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদেবাই এই নিলামের আয়োজন করবে। ১৯৮৬ সালেও একবার গান্ধীর কিছু চিঠির নিলামের আয়োজন করেছিল এই প্রতিষ্ঠানটি। তখন প্রায় এক লাখ ৪০ হাজার পাউন্ডে সেগুলো বিক্রি হয়েছিল।সংরক্ষিত এসব দলিল কয়েক হাজার হবে, যা ১৮টি নথিতে রাখা হয়েছে। দলিলগুলো হারমান কলেনব্যাচ নামের এক ব্যক্তির সংগ্রহে ছিল। ১৯০৪ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গান্ধীর সঙ্গে তাঁর পরিচয় হওয়ার পর উভয়ে ঘনিষ্ঠ বন্ধু বনে যান।বই ও পাণ্ডুলিপি বিশেষজ্ঞ গ্যাব্রিয়েল হিটন বলেন, একটি অসম্পূর্ণ চিঠিতে গান্ধীর বড় ছেলে হরিলাল লেখেন, ‘বাবা দিন দিন কেমন যেন হয়ে উঠছেন। এমন দিন আসাটা বিচিত্র কিছু নয়, হয় বাবার সঙ্গে থাকা লোকজন তাঁকে ছেড়ে চলে যাবেন, বাবাই চলে যাবেন।’ রয়টার্স