নিলামে শচীনের ব্যাট ফেদেরারের জুতা
ভারতের মুম্বাই শহরে বিখ্যাত কয়েকজন খেলোয়াড়ের স্মরণীয় কিছু জিনিস নিলামে তোলা হচ্ছে। এতে থাকছে ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ব্যাট ও টেনিস তারকা রজার ফেদেরারের জুুতা। ২৯ অক্টোবর এই নিলাম অনুষ্ঠিত হবে।এই নিলামের আয়োজন করেছেন ভারতের সাবেক জাতীয় রাগবি খেলোয়াড় ও বলিউডের অভিনেতা রাহুল বোস। তাঁর প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান ‘ফাউন্ডেশন’ তহবিল সংগ্রহের জন্য এই নিলামের আয়োজন করতে যাচ্ছে। নিলামের টাকা দিয়ে সে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের জন্য স্কুল তৈরি করা হবে।শচীন টেন্ডুলকারের ব্যাট ও রজার ফেদেরারের জুুতা ছাড়াও নিলামে থাকছে বিশ্বনাথন আনন্দের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল ও শ্যুটার অভিনব বিন্দ্রার বিশ্ব চ্যাম্পিয়নশিপ রাইফেল।শচীন টেন্ডুলকার নিউজিল্যান্ডের সঙ্গে একদিনের একটি আন্তর্জাতিক ম্যাচে যে ব্যাট দিয়ে ব্যাটিং করেছিলেন, সেটি নিলামের জন্য দান করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘এই ব্যাট দিয়ে যে শুধু আমি ভালো রান করেছি, তা-ই নয়, সে খেলায় ভারত জিতেছিল।’ বিবিসি।