নিলামে সর্বকালের রেকর্ড দামে বিক্রি বেকনের চিত্রকর্ম

ফ্রান্সিস বেকনের আঁকা তাঁর বন্ধু ও শিল্পী লুসিয়ান ফ্রয়েডের একটি চিত্রকর্ম নিলামে সর্বকালের সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে। নিউইয়র্কের ক্রিস্টিজ নিলামঘরে ১৪ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়েছে ছবিটি।
বিপুল অর্থ ঢেলে চিত্রকর্মটি কিনে নেওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি ক্রিস্টিজ। তবে এ ধরনের ক্ষেত্রে প্রায়ই ক্রেতার পরিচয় গোপন রাখা হয়।
‘লুসিয়ান ফ্রয়েডের তিনটি স্টাডি’ (১৯৬৯) শিরোনামের তিন পটের চিত্রকর্মটিকে বেকনের অন্যতম সেরা শিল্পকর্ম হিসেবে বিবেচনা করা হয়।
ক্রেতাদের মধ্যে ছয় মিনিট তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর চিত্রকর্মটি বিক্রি হয়। এটির বিক্রয়মূল্য গত বছর বিক্রি হওয়া এডভার্ড মুংখের ‘দ্য স্ক্রিম’কে ছাড়িয়ে গেছে। সেটি বিক্রি হয়েছিল ১১ কোটি ৯৯ লাখ ডলারে।
‘লুসিয়ান ফ্রয়েডের তিনটি স্টাডি’ চিত্রকর্মটি এবারই প্রথম নিলামে তোলা হয়। এর শুরুর দাম ধরা হয়েছিল আট কোটি ডলার।
বিংশ শতকের শুরুতে জন্ম নেওয়া বেকন তিন পটের চিত্রকর্মের জন্য সুপরিচিত। বন্ধুর এই ছবিটি তিনি এঁকেছিলেন ১৯৬৯ সালে লন্ডনের রয়েল আর্ট কলেজে। এর আগে আগুন লেগে তাঁর নিজের স্টুডিও ধ্বংস হয়ে গিয়েছিল।
নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজের ইউরোপ শাখার যুদ্ধ-উত্তর ও সমকালীন শিল্পকর্মবিষয়ক প্রধান ফ্রান্সিস আউট্রেড বলেন, আসলেই এটি বেকনের অন্যতম সেরা চিত্রকর্ম। লুসিয়ান ফ্রয়েড ও বেকন, এই দুই শিল্পীর সৃষ্টিশীল ও আবেগঘন সম্পর্কের স্মারক এটি।
বেকনের সঙ্গে ফ্রয়েডের প্রথম সাক্ষাৎ হয় ১৯৪৫ সালে। এরপর তাঁরা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু হন।
একই নিলামে মার্কিন শিল্পী জেফ কুনসের একটি শিল্পকর্মও দামের দিক থেকে আগের বিশ্বরেকর্ড ভেঙেছে। তাঁর ভাস্কর্য ‘বেলুন ডগ’ ৯ (কমলা রঙের) ৫ কোটি ৮৪ লাখ ডলারে বিক্রি হয়। কোন জীবিত শিল্পীর একক শিল্পকর্মের জন্য এটাই সর্বোচ্চ মূল্য। বিবিসি।