নিশ্চিন্ত বিজেপি, উচ্চকিত বিএসপি, নিঃশব্দ এএপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজিয়াবাদে এক সমাবেশে সাজিয়া  ইলমি । ছবি: রেডিফ.কম
গাজিয়াবাদে এক সমাবেশে সাজিয়া ইলমি । ছবি: রেডিফ.কম

পাখি-ওড়া পথে ঢাকা-কলকাতা যত সময় লাগে, দিল্লি থেকে গাজিয়াবাদ কমবেশি প্রায় তেমনই। উত্তর প্রদেশের পশ্চিম প্রান্তের এই অঞ্চল দিল্লির লাগোয়া হওয়ায় রাজধানীর আঁচ লাগতে মোটেই সময় লাগে না। শনিবার সাতসকালে সেই গাজিয়াবাদের কৌসাম্বিতে আম আদমি পার্টির (এএপি) সদর দপ্তরে গিয়ে চোখ কপালে উঠল। তিনতলা বাড়ি খাঁ খাঁ করছে!
হাঁকাহাঁকি করতে দোতলার কোনার একটি ঘর থেকে একজনের সাড়া পাওয়া গেল। পার্টির ‘ওয়ার রুম’ সেটা। কম্পিউটার খুলে ছেলেটা কিছু একটা করছিল। এখানকার প্রার্থী সাজিয়া ইলমিকে কোথায় পাওয়া যেতে পারে জানতে চাওয়া হলে গোটা চারেক ফোন নম্বর দিয়ে ‘আসছি বলে’ সে-ও হাওয়া হয়ে গেল। ওয়ার রুমে একা বসে দেখতে লাগলাম দেয়ালে দেয়ালে দলটির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও তাঁদের আন্দোলনের নানা ছবি ও কাগজের ক্লিপিং। মাঝে একটা পোস্টার। ইংরেজিতে তাতে যা লেখা, বাংলায় তর্জমা করলে তার মানে হয়: ‘একজোট হওয়াটা হলো সূত্রপাত, একসঙ্গে থাকাটা হলো অগ্রগতি, হাতে হাত মিলিয়ে কাজ করাটা হলো সাফল্য।’ লেখাটার নিচে একটা ছবি। দুটি পিঁপড়া একটা আপেলকে শুঁড় দিয়ে তুলে নিয়ে যাচ্ছে।
দিল্লি বিধানসভার ভোটের আগে হয়তো এই পোস্টারটা লাগানো হয়েছিল। আপেল নয়, মহিরুহরূপী দীর্ঘ ১৫ বছরের কংগ্রেস সরকারকেই রাজ্য বিধানসভা থেকে তুলে ফেলে দিয়েছিলেন কেজরিওয়ালদের মতো গুটিকয় পিঁপড়াতুল্য মানুষ।
অবাক লাগল দেখে যে সেই সময় গমগম করা পার্টির সদর দপ্তর আজ ধু ধু মরুভূমি! পরিবর্তন এত দ্রুত আসে কী করে, ভাবতে ভাবতে ফোন মারফত জানা গেল, প্রার্থী সাজিয়া ইলমি শহরেই রাজীব কলোনিতে পদযাত্রা করবেন।
সাজিয়াকে ধরার ঢের আগেই ধরা পড়ল বিজেপির ‘বিজয়োল্লাসের’ টুকরা টুকরা ছবি। শহরজুড়ে শনশন করে বিজেপির পদ্ম ফুল ফোটা গাড়ি ছুটছে। সেই সব গাড়িতে বাজছে মহম্মদ রফি ও লতা মঙ্গেশকরের গাওয়া দেশাত্মবোধক গান। জায়গায় জায়গায় জটলা। সেখানে হাতে হাতে দিনের খবরের কাগজ ও মুখে মুখে হিসাব। আগের রাতে এনডিটিভির জরিপের ফল বেরিয়েছে। কাগজের প্রথম পাতায় সেই খবর ইয়া বড় করে ছাপা হয়েছে। তাতে সাংবাদিক প্রণয় রায়ের টিম শুধু উত্তর প্রদেশ থেকেই বিজেপিকে দিয়েছে তি-প্পা-ন্নটা আসন! টেলিভিশনের দর্শককুলের মধ্যে প্রণয় রায়ের একটা আলাদা কদর রয়েছে। কিছুটা বামপন্থী বলেও তাঁর পরিচয়। সেই প্রণয়ের চ্যানেল বিজেপিকে ৮০-র মধ্যে ৫৩ দিলে তাঁকে ফেলাও যেমন মুশকিল, গ্রাহ্য করাও তেমন কঠিন কঠিন লাগে। তা হলে কি এতটাই দুর্বার নরেন্দ্র মোদির হাওয়া! তার মানে তো এটা আর হাওয়া নয়, রীতিমতো ঝড়! কিংবা সুনামি! এই নিয়েই চলছে গুলতানি।
শহরের মধ্যে বিজেপির যে কয়টা নির্বাচনী অফিস দেখা গেল, প্রতিটিতে ২০-২৫ জন করে বসেন। তাঁদের চোখমুখের ভাবখানা এমন, যেন ভোট তো চুকেবুকে গেছে সেদিনই, যেদিন প্রধানমন্ত্রী পদে মোদির নাম ঘোষণা করা হয়। ১৬ মে শুধু জেনারেল সাহেবের জয়টুকু ঘোষিত হবে।
জেনারেল সাহেব মানে ভারতের আলোচিত অবসরপ্রাপ্ত সেনাপ্রধান ভি কে সিং। বিজেপির টিকিটে এবার এই গাজিয়াবাদের প্রার্থী তিনি। আলোচনার কারণ তাঁর জন্ম সাল নিয়ে ওঠা বিতর্ক। সেনাপ্রধান হিসেবে সিংয়ের যোগ্যতা নিয়ে কারও মনে প্রশ্ন ওঠার কারণ নেই। তা ওঠেওনি। প্রশ্ন উঠেছিল তাঁর জন্ম সাল নিয়ে। তুলেছিলেন তিনি নিজেই। অবসরের আগের বছর ভি কে সিং গোঁ ধরেছিলেন, তাঁর জন্ম সাল ১৯৫২ নয়, ১৯৫৩। এ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে ধুন্দুমার লড়াই। জেনারেল সাহেব সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন। শেষমেশ সরকারের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা না করে অবসর নিয়ে সটান আন্না হাজারের শিবিরে হাজির হলেন। তার পরে সরাসরি গাজিয়াবাদে বিজেপির টিকিট।
গোটা দিন টইটই করে গাজিয়াবাদ চষে ফেললেও জেনারেল সাহেবের দেখা পাওয়া গেল না। পাঁচ বিধানসভা কেন্দ্রে তিনি নাকি চরকি ঘোরা ঘুরছেন। অথচ জরিপ অনুযায়ী তাঁর নাকে তেল দিয়ে ঘুমাবার কথা। শহরের নতুন এলাকা কবিনগরে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে এই নাকে তেল দিয়ে ঘুমানোর কথা শুনে জিভ কেটে লজ্জা প্রকাশ করলেন জেনারেলের শ্যালক অরুণ সিং। ‘বলেন কী, বলেন কী’ গোছের ভাব করে তিনি বললেন, ‘এটা ঠিকই যে আমাদের জয় শুধু ঘোষণার অপেক্ষা। তবে আফটার অল এটা লড়াই। আর এই লড়াইয়ে শেষ কথা বলেন জনতা জনার্দন। জিতে গেছি বলে নাকে তেল দিয়ে ঘুমোলে জনতা জনার্দন অসন্তুষ্ট ও অপমানিত হতে পারেন।’
জামাইবাবুর লড়াইটা প্রায় একপেশে হয়ে যাচ্ছে বলতে গিয়েও সামলে নিলেন অরুণ। আর ঠিক সেই সময়েই কার্যালয়ের পাশ দিয়ে বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর বিশাল একটা কাট আউট নিয়ে দীর্ঘ একটা মিছিল গেল। সামনেই রামলীলা ময়দানে ‘বহিনজি’ মায়াবতীর জনসভা। পাক্কা ১০টা মিনিট লাগল মিছিলটা যেতে। সেদিকে তাকিয়ে চাপা স্বরে অরুণ বললেন, ‘আমাদের লড়াইটা এদের সঙ্গেই। যেটুকু বেগ দেওয়ার এরাই দিচ্ছে।’
সে কী? সমাজবাদী পার্টি? কংগ্রেস? এবং আম আদমি পার্টি? ওরা সব এলেবেলে?
উত্তরটা এল তিন দল থেকেই। প্রথমে এএপির সাজিয়া ইলমি।
রাজীব কলোনিতে বাল্মীকি মন্দিরের সামনে গাড়ি থেকে একগাল হাসি নিয়ে নামলেন একদা সাংবাদিক এখন অরবিন্দ কেজরিওয়ালের কাছের সঙ্গী সাজিয়া। এই গরমেও তাঁর মুখে চড়া প্রসাধন। তাঁকে ঘিরে সাকল্যে ১২ জন নারী, পুরুষ ও শিশু। সবার মাথায় দলের পরিচিত সাদা টুপি। গাড়ি থেকে নামতে নামতে সাজিয়া প্রথমেই সাফাই গাইলেন এই বলে যে ‘আমাদের টাকা কম। তাই বেশি লোক জড় করতে পারি না। বড় জনসভাও করতে পারি না। কিন্তু যাঁরা আছেন, তাঁরা সবাই খুব নিবেদিতপ্রাণ। আমরা তাই ঘরে ঘরে গিয়ে প্রচারণার ওপর বেশি জোর দিই। আর এভাবেই আমরা জিতি।’ সাজিয়ার সঙ্গীদের একজনের কাঁধে ব্যাটারিচালিত একটা লাউড স্পিকার। তাঁর গণসংযোগের প্রধান হাতিয়ার ওটাই। পদযাত্রা শুরুর আগে সাজিয়া বললেন, ‘আমার একটা প্রশ্ন আছে। বলুন তো, এতই যদি হাওয়া, বিজেপির সভাপতি রাজনাথ সিং তাহলে তাঁর এই জেতা কেন্দ্র ছেড়ে পালালেন কেন? আমাদের যারা এলেবেলে ভাবছে, তারা তাই ভেবে আনন্দ করুক। ১৬ মে আসুক। দেখে নেবেন কারা খরগোশ আর কারা কচ্ছপ।’ কথা শেষ করে ভুরু নাচিয়ে বক্র হাসি হেসে সদলে বাল্মীকি বস্তিতে ঢুকে পড়লেন এএপির প্রার্থী।
গাজিয়াবাদে আম আদমি পার্টির নৈঃশব্দ্য যত প্রকট, ততটাই উচ্চকিত উপস্থিতি বহিনজি মায়াবতীর দল বহুজন সমাজ পার্টির। কবিনগরে রামলীলা ময়দানে বেলা দুটোয় মায়াবতীর জনসভা। দুপুর সাড়ে বারোটাতেই মাঠের অর্ধেক ভরা। নীল-সাদা শামিয়ানা সূর্যের তেজ অনেকটাই কমিয়ে দিয়েছে। দলের হাতি-ছাপ নীল পতাকা নিয়ে দলিত মুসলমান নারী-পুরুষের বিরামহীন আগমন গোটা তল্লাটকে গমগম করে তুলেছে। এক পাশে মাইক হাতে ঘুরে ঘুরে দুলে দুলে বেসুরো গলায় গান গাইছে এক কিশোরী। তাকে সংগত দিচ্ছে জনা পাঁচেক পূর্ণবয়স্ক মরদ। দুটো বেজে যাওয়ার কিছু পরে মায়াবতীর হেলিকপ্টার ধুলো উড়িয়ে মঞ্চের পেছনে নামল। দলিত রানিকে দেখে উত্তাল হয়ে উঠল জমায়েত। পাঁচ হাজার বছরের মনুবাদী সমাজের বিরুদ্ধে মায়াবতীদের নিঃশব্দ বিপ্লব উত্তর প্রদেশের অবহেলিত দলিত সমাজকে এক নয়া দিগন্তের সন্ধান দিয়েছে। মায়াবতী তাঁদের দিয়েছেন বর্ণ হিন্দুদের চোখে চোখ রেখে কথা বলার অধিকার, বাধা ঠেলে এগিয়ে যাওয়ার সাহস। তাঁদের কাছে মায়াবতী নিছক মানবী নন, সাক্ষাৎ দেবী।
সেই দেবী যখন লাখো মানুষের কাছে ভোট দেওয়ার অঙ্গীকার প্রার্থনা করলেন, জনতা তখন যেন নিজেদের ধন্য মনে করল। দুই হাত শূন্যে তুলে তাঁরা অভয় দিলেন ‘দেবী’কে। জেনারেল সাহেবকে চ্যালেঞ্জ জানালেন গাজিয়াবাদে মায়াবতীর সৈনিক মুকুল উপাধ্যায়। বললেন, ‘সবাই মোদি মোদি করছে তো? করুক। আপনি দয়া করে করবেন না। বরং আপনি লিখবেন, মোদি আমাদের খুব উপকার করেছেন। যত বেশি বেশি উনি ছাতি ফোলাবেন, তত বেশি মুসলমানেরা মুলায়মকে ছেড়ে আমাদের দিকে আসবেন। কেন জানেন? কারণ, বহিনজির পাঁচ বছরের শাসনে গোটা উত্তর প্রদেশে একটাও দাঙ্গা হয়নি। অথচ, অখিলেশের দুই বছরে আমাদের রাজ্যে ১৩৫টা দাঙ্গা হয়ে গেছে। মুসলমানরা বুঝেছে, মুলায়ম তাদের রক্ষাকর্তা নন।’
এর যুৎসই উত্তর সমাজবাদী পার্টির কারও কাছ থেকে পাওয়া গেল না। কেন না, অখিলেশের আমলে দাঙ্গা যে হয়েছে ও হচ্ছে, সমাজবাদী পার্টি তা অস্বীকার করতে পারছে না। পাওয়া গেল না কংগ্রেসের কাছেও। এই তল্লাটে কংগ্রেসের চেয়েও বেশি শক্তি ধরে কংগ্রেসের দোসর রাষ্ট্রীয় লোকদলের নেতা অজিত সিং। গাজিয়াবাদসহ গোটা পশ্চিম-উত্তর প্রদেশে জাঠ শক্তি অগ্রাহ্য করার ক্ষমতা কারও নেই। এই জাঠদের রোষেই মুজাফফরনগরের ৫০ হাজার মুসলমান আজও ঘরছাড়া। এ রাজ্যে নিবু নিবু কংগ্রেস নিভে যাওয়ার আগে জাঠদের সংরক্ষণের সিদ্ধান্তটি ঘোষণা করে আর কিছু না হোক এই তল্লাটে সমীহ আদায়ের স্থানটুকু পাকাপাকি করে দিয়েছে। বারবার কেন্দ্র ও একবার দল পাল্টানো বলিউডের মারকাটারি অভিনেতা রাজ বাব্বর তাই জাঠদের বৃষস্কন্ধে ভর দিয়ে বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছেন। দিনভর অবশ্য তাঁরও দেখা মিলল না। লোকবল কমে গেছে রাজ বাব্বরের। কমেছে কংগ্রেসের মনোবলও। তবু তাঁর লোকজন বুক ঠুকে বলছেন, ‘ওঁকে দেখবেন কী করে? উনি তো মেঘনাদ! আড়ালে থেকে লড়াই করছেন।’
মেঘনাদের পরিণতি সবার জানা। জানা খরগোশ ও কচ্ছপের দৌড়ের কাহিনিও। গাজিয়াবাদের হেভিওয়েট সেনাপতিরা তবু ম্যাচ শেষের ঘণ্টি বাজার আগে ময়দান ছাড়তে রাজি নন। বিনা যুদ্ধে সবাই কি আর সূচ্যগ্র মেদিনী দিতে রাজি হয়?