নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকা পুনর্বিবেচনা করবে পাকিস্তান
নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর তালিকা পুনর্বিবেচনা করবে পাকিস্তান। এ জন্য গতকাল সোমবার তালেবানসহ জঙ্গি সংগঠনগুলোকে শান্তি আলোচনায় ডেকেছে তারা। জঙ্গি সংগঠনগুলোকে পাকিস্তান সরকার বলেছে, তারা যদি তাদের জঙ্গি শাখাগুলোকে বন্ধ করে দেয়, তাহলে নিষিদ্ধ তালিকা থেকে তাদের বাদ দেওয়া হবে।এ ব্যাপারে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, ‘নিষিদ্ধ সংগঠনগুলো যদি তাদের জঙ্গি শাখাগুলো বন্ধ করে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিত্যাগ করে, তাহলে পরবর্তী কয়েক দিনের মধ্যে আমরা তাদের সঙ্গে আলোচনায় বসব।’পাকিস্তান ৩০টির বেশি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে। এর মধ্যে আল-কায়েদা, তেহরিক-ই-তালেবান ও লস্কর-ই-তাইয়েবা (এলইটি) রয়েছে। ২০০৮ সালের মুম্বাই হামলার জন্য এই সংগঠনগুলোকে দায়ী করে আসছে নয়াদিল্লি ও ওয়াশিংটন। এসব সংগঠনের বিরুদ্ধে পাকিস্তান সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ জন্য ইসলামাবাদ বিশ্বজুড়ে কঠোর সমালোচনার মুখে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এসব সংগঠনের মধ্যে বেশ কিছু সংগঠন নতুন নামে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে জামায়াত-উদ-দাওয়া। জাতিসংঘের কালো তালিকাভুক্ত এই সংগঠন এলইটির সহযোগী সংগঠন বলে ধারণা করা হয়। পাকিস্তানে বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা এখন তুলনামূলকভাবে কমলেও উত্তর-পশ্চিমাঞ্চলে সামপ্রতিক বোমা হামলার ঘটনাগুলোতে তালেবান ও তাদের দোসররা জড়িত বলে অভিযোগ রয়েছে। এএফপি।