নিষেধাজ্ঞা কঠোর করল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের তেল রপ্তানি আয়ের রাশ টেনে ধরতে গত বুধবার দেশটির ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। তাদের যুক্তি, সন্দেহভাজন পারমাণবিক অস্ত্র কর্মসূচির ব্যাপারে তেহরানকে চাপে ফেলতে এটার দরকার ছিল। এদিকে বিতর্কিত ওই কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি ইরানের গণমাধ্যম সংস্থা ও তেহরানের সাইবার পুলিশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেন্সরশিপের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বলেছে, ইরানের কাছ থেকে যেসব দেশ তেল কেনা অব্যাহত রেখেছে, তাদের ইরানের পাওনা অর্থ আটকে রেখে দিতে হবে। তাদের কাছ থেকে ইরান পণ্যসামগ্রী কিনলে, সে ক্ষেত্রেই কেবল ওই অর্থ ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ ও অর্থপাচার-সংক্রান্ত গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি ডেভিড কোহেন বলেন, এখন পর্যন্ত ইরান তার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ প্রশমনে ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। যুক্তরাষ্ট্র এর আগে বলেছিল, ইরানের তেল কেনা অব্যাহত রাখা দেশগুলোকে তাদের আর্থিক ব্যবস্থায় প্রবেশ করতে দেবে না। ওই ঘোষণার ছয় মাস পরে নতুন এ পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘ইরান হয় আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে নেবে, না হয় তারা বর্ধিত মাত্রায় চাপ ও অর্থনৈতিকভাবে একঘরে হওয়ার মুখোমুখি হবে।’ যুক্তরাষ্ট্রের সর্বশেষ এ পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপরাস্ত বলেন, ‘ইরানের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ পদক্ষেপগুলোর ধারাবাহিকতার অংশ এটা।’ এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি তেহরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার খোমেনির বক্তব্য অনলাইনে পোস্ট করা হয়েছে। এতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে সংলাপের প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে ‘ইরানের দিকে বন্দুক তাক করছে’।ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলতি মাসের শেষের দিকে আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সংলাপের পাশাপাশি পৃথকভাবে যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি আলোচনার বিষয়ে গত শনিবার প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এএফপি ও বিবিসি।