নিষেধাজ্ঞা তুলে নিতে আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারভেজ মোশাররফ
পারভেজ মোশাররফ

পাকিস্তানের সিন্ধু হাইকোর্ট গতকাল বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে দেশ ছাড়ার অনুমতি দিয়েছেন৷ সাবেক এই সেনাশাসকের বিরুদ্ধে বর্তমানে বহাল ভ্রমণ নিষেধাজ্ঞা ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত৷ খবর এএফপি, বিবিসি ও ডনের৷
পাকিস্তানের বহির্গমন নিয়ন্ত্রণ তালিকায় (ইসিএল) মোশাররফের নাম রয়েছে৷ তালিকা থেকে মোশাররফের নাম বাদ দিতে এক আবেদনের ওপর শুনানি শেষে সিন্ধু হাইকোর্টের দুই বিচারকের একটি বেঞ্চ গতকাল ওই আদেশ দেন৷
আদালত আরও বলেন, এই আদেশের বিরুদ্ধে কারও আপত্তি থাকলে ১৫ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারবে৷ এই সময়ে মোশাররফ দেশ ছাড়তে পারবেন না৷
মোশাররফের আইনজীবী ফারোঘ নাসিম সাংবাদিকদের বলেন, ‘আদালত আমাদের আবেদন গ্রহণ করে ইসিএল থেকে মোশাররফের নাম বাদ দিতে বলেছেন৷ এই আদেশ ১৫ দিন পর কার্যকর হবে৷’ তিনি জানান, সরকার চাইলে যাতে উচ্চ আদালতে আপিল করতে পারে, সেজন্য ওই সময় দেওয়া হয়েছে৷
৭০ বছর বয়সী মোশাররফ এখন গৃহবন্দী৷ গত এপ্রিলে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য করাচিতে যান৷ মোশাররফ বলেন, তিনি দুবাইয়ে তাঁর অসুস্থ মাকে দেখতে যাওয়ার স্বার্থে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার চান৷ তবে অনেকে মনে করেন, নিজের বিরুদ্ধে বিভিন্ন মামলার বিচার এড়াতেই তিনি দেশ ছাড়তে চান৷
রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাঁচটি মামলাসহ মোশাররফের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে৷