মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন অঙ্গীকার করেছেন, তাঁর দেশ গণতন্ত্রের পথ থেকে ফিরে আসবে না। গতকাল শুক্রবার ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।প্রেসিডেন্ট হওয়ার পর দেশের বাইরে এটাই তাঁর প্রথম সাক্ষাৎকার। থেইন সেইন বলেন, ‘যে অঙ্গীকার আমরা করেছি, তা থেকে সরে আসার কোনো ইচ্ছা নেই।’পশ্চিমাদের প্রতি দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে মিয়ানমারের সাবেক এই জেনারেল বলেন, সরকার রাজবন্দীদের মুক্তি দেওয়াসহ পশ্চিমাদের অধিকাংশ দাবিই পূরণ করেছে, দেশের নির্বাহী বিভাগের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা আর নেই। অবশ্য পার্লামেন্টের সিকিভাগ আসন তাদের হাতে রয়েছে।প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সামরিক বাহিনীকে পেছনে ফেলে দিতে পারি না। দেশ গঠনে সামরিক বাহিনীর দরকার।’ এএফপি ও বিবিসি।