
পাকিস্তানের সাবেক সামরিক শাসক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আদালত অপারগতা প্রকাশ করেছেন।
অসুস্থ মাকে দেখতে দুবাইয়ে যেতে চান সাবেক জেনারেল পারভেজ মোশাররফ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বিচার শুরু হতে যাচ্ছে। বিদেশ ভ্রমণে বিধিনিষেধের তালিকা থেকে তাঁর নাম প্রত্যাহারের জন্য সিন্ধু হাইকোর্টে গত মাসে আবেদন করা হয়।
মোশাররফের আইনজীবী এ কিউ হালিপোতা বলেন, করাচির আদালত বলেছেন, নিষেধাজ্ঞাটি সরকার আরোপ করেছে। এটি প্রত্যাহার করা হবে কি না, তারাই তা নির্ধারণ করবে।
স্বেচ্ছানির্বাসন থেকে গত মার্চে পাকিস্তানে ফেরার পর থেকে বেশ কয়েকটি ফৌজদারি মামলার মুখোমুখি হন ৭০ বছর বয়সী মোশাররফ।
এদিকে ইসলামাবাদ হাইকোর্ট বলেছেন, বিশেষ আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে পারভেজ মোশাররফের করা আবেদন গ্রহণযোগ্য নয়। বিচারপতি রিয়াজ আহমেদ খান গতকাল এ আদেশ দেন। এএফপি।