নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই আলোচনা: উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শর্ত জুড়ে দিয়ে উত্তর কোরিয়া বলেছে, জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া বন্ধ করলেই ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত পিয়ংইয়ং।উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশন এক বিবৃতিতে এ কথা বলেছে। গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এটি প্রকাশ করেছে। উত্তর কোরিয়া বলেছে, এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র অস্ত্র প্রত্যাহার করলেই কোরীয় উপদ্বীপ পরমাণুমুক্ত হওয়ার পথে যাত্রা শুরু করবে।উত্তর কোরিয়ার এ বিবৃতির জবাবে দক্ষিণ কোরিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছে, এই দাবি অযৌক্তিক ও অভাবনীয়। সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চো তাই-ইয়ং বলেন, ‘আমরা আবারও উত্তর কোরিয়াকে এ ধরনের প্রচারণা বন্ধের জোরালো আহ্বান জানাচ্ছি। এই দাবি বুঝতে আমরা সম্পূর্ণভাবে অপারগ এবং এর ফলে কোনো বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তও গ্রহণ সম্ভব নয়।’উত্তর কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয় জাতিসংঘ। জাপানি বার্তা সংস্থা কিয়োদো বলেছে, সে দেশের প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরিয়ার ওপর চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।পিয়ংইয়ং বিবৃতিতে বলেছে, ‘সংলাপ ও যুদ্ধ একসঙ্গে চলতে পারে না। যুক্তরাষ্ট্র ও তাদের দোসর দক্ষিণ কোরিয়ার যদি আমাদের সেনাবাহিনী ও জনগণের প্রচণ্ড আঘাত এড়ানোর বিন্দুমাত্র আগ্রহও থাকে এবং সত্যিকার অর্থেই সংলাপ ও আলোচনা চায়, তাহলে তাদের অবশ্যই দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে।’উত্তর কোরিয়া বলেছে, জাতিসংঘ অন্যায়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কোরীয় উপদ্বীপকে পরমাণুমুক্ত করতে চাইলে তার সূচনা করতে হবে এই অঞ্চলে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র প্রত্যাহারের মধ্য দিয়েই। আর তা হলে বিশ্বও পরমাণু অস্ত্রমুক্ত হবে।পিয়ংইয়ংয়ের এ দাবির ব্যাপারে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির উত্তর কোরিয়াবিষয়ক বিশেষজ্ঞ লিওনিদ পেত্রভ বলেন, ‘এটা খুবই ভালো ইঙ্গিত যে তারা (উত্তর কোরিয়া) আলোচনায় বসতে প্রস্তুত। তবে তারা মাত্রাতিরিক্ত মূল্য দাবি করছে...ফলে খেলা চলতেই থাকবে।’ তিনি বলেন, ‘আমি হলফ করে বলতে পারি, এখানে দুটোই চলতে থাকবে। একদিকে উত্তর কোরিয়া পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও পাবে না, অন্যদিকে যুক্তরাষ্ট্রও যৌথ সামরিক মহড়া অব্যাহত রাখবে। তাই বছরে দু-একবার এ অঞ্চলে উত্তেজনা হবেই।’তবে পেত্রভ এও বলেন, উত্তর কোরিয়া আগের চেয়ে বেশিই দর-কষাকষির সুযোগ নেবে। এর কারণ, গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে তাদের সফল ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা। এর ফলে খেলাটির গতিপথই বদলে গেছে। রয়টার্স ও দ্য গার্ডিয়ান।