নিষেধাজ্ঞা ব্যর্থ হলে ইরানে হামলা চালাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বিশ্বনেতাদের এটা পরিষ্কার করা উচিত যে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেশটির বিতর্কিত পরমাণু কার্যক্রম বন্ধে ব্যর্থ হলে ‘ইরানকে কার্যকর সামরিক হামলা’ মোকাবিলা করতে হবে। সিএনএনকে গত বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও খোলামেলা মত প্রকাশ করেন।সাক্ষাৎকারে ইসরায়েলি নেতা বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে দেশটি পরমাণু বোমা তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে। নেতানিয়াহু জানান, তেহরানের কাছে তিনটি পরমাণু বোমা তৈরির মতো উপকরণ আছে। এগুলো আরও সমৃদ্ধ করার চেষ্টা করছে তারা। নিষেধাজ্ঞা ব্যর্থ হলে সামরিক হামলার হুমকিই পারে ইরানকে তার এ কার্যক্রম বন্ধ করাতে।তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। পশ্চিমা শক্তিগুলোর ধারণা, পরমাণু বোমা তৈরি করতেই ইরান মূলত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে। তবে দেশটি বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, অভ্যন্তরীণ বিদ্যুতের চাহিদা মেটানোই এ কার্যক্রমের উদ্দেশ্য।সাক্ষাৎকারে নেতানিয়াহু মত প্রকাশ করেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই তা হওয়া উচিত। তাঁর মতে, ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হলে তা শুধু ইসরায়েলের জন্য হুমকি হবে না, বরং দেশটি এ ধরনের অস্ত্রের অধিকারী হলে তা হবে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির বড় ধরনের লঙ্ঘন।সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, আরব সাগর তীরবর্তী অঞ্চলে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ শুরুর পর বাহরাইনে সৌদি আরবের সেনা পাঠানোর ঘটনায় তিনি বিন্দুমাত্র অবাক হননি। কারণ, বাহরাইনে সম্ভাব্য ইরানি হামলার ব্যাপারে উদ্বিগ্ন ছিল সৌদি আরব। সৌদি আরব মূলত নিজের স্বার্থ রক্ষা করতেই ওই সেনা পাঠিয়েছে।নেতানিয়াহু বলেন, তবে ওই অঞ্চলের তেলের খনিগুলো যাতে ইরানের হাতে না পড়ে সে দিকটিও নিশ্চিত করা আন্তর্জাতিক বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ বিষয়। আরব বিশ্বে গণতন্ত্রের দাবিতে চলমান আন্দোলন সম্পর্কে ইসরায়েলি নেতা বলেন, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল।পশ্চিম তীর বন্ধ: ইসরায়েলি সেনাবাহিনী ইহুদিদের ‘পুরিম’ ছুটি চলাকালে হামলার আশঙ্কায় আগামী সোমবার রাত পর্যন্ত অধিকৃত পশ্চিম তীর বন্ধ করে দিয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্রের কার্যালয়ের এক বিবৃতিতে গত বৃহস্পতিবার এ কথা বলা হয়। ইহুদি-অধ্যুষিত এলাকাগুলোয় শনিবার সূর্যাস্তের পর থেকে পরদিন রোববার সূর্যাস্ত পর্যন্ত জাঁকজমকপূর্ণ পুরিম উৎসব উদ্যাপন করা হয়ে থাকে। বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসা ও মানবিক জরুরি কার্যক্রমের ক্ষেত্রে এ নির্দেশ প্রযোজ্য হবে না। রয়টার্স, এএফপি।