নিষেধাজ্ঞায় ট্রাম্পের দলেই অস্বস্তি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসী ও শরণার্থীদের ওপর যেসব বিধিনিষেধ দিয়েছেন, সেগুলোর বিরুদ্ধে কংগ্রেসে রিপাবলিকান আইনপ্রণেতাদের অনেকেই বক্তব্য দিয়েছেন। এতে ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে তাঁর নিজ রাজনৈতিক দলের মধ্যেই অস্বস্তির বহিঃপ্রকাশ ঘটেছে।
হোয়াইট হাউসে বারাক ওবামার আমল শেষে ট্রাম্প ক্ষমতায় এসেই বেশ কয়েকটি নির্বাহী আদেশের মাধ্যমে বিতর্কিত কিছু পদক্ষেপ নিয়েছেন। এসব নিয়ে তাঁর দলে অভ্যন্তরীণ বিরোধিতার প্রভাবে প্রেসিডেন্টের প্রতি রিপাবলিকান পার্টির বৃহত্তর সমর্থনে ফাটল ধরবে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে স্পষ্ট ধারণা মেলেনি। গত সোমবার পর্যন্ত সিনেট ও প্রতিনিধি পরিষদের অন্তত ৩০ জন রিপাবলিকান প্রকাশ্যে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরোধিতা করেছেন। ট্রাম্পের ওই ভ্রমণ নিষেধাজ্ঞার পর গত শুক্রবার থেকে এ পর্যন্ত অন্তত ১০০ জনকে বিভিন্ন বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। এ ছাড়া অনেক শহরে বিক্ষোভ হয়েছে। ডেমোক্রেটিক পার্টির নেতা-কর্মীরা এ পরিস্থিতিতে সর্বসম্মত নিন্দা জানিয়েছেন।
ট্রাম্পের নির্বাহী আদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাত দেশ ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ৯০ দিনের জন্য নিষিদ্ধ হয়েছে। পাশাপাশি অন্তত ১২০ দিনের জন্য সব শরণার্থীর যুক্তরাষ্ট্রে যাওয়া স্থগিত হয়ে পড়েছে। আর দেশটির দরজা সিরীয় শরণার্থীদের জন্য অনির্দিষ্টকাল স্থগিত থাকবে। সিনেটের শীর্ষস্থানীয় ডেমোক্রেটিক সদস্য চাক শুমার হুঁশিয়ারি দিয়েছেন, ট্রাম্পের এই ‘অবিবেচনাপ্রসূত’ সিদ্ধান্ত মার্কিন ভূখণ্ডে নিঃসঙ্গ চরমপন্থাকেই উৎসাহিত করবে।
সিনেট ফরেন রিলেশনস কমিটির রিপাবলিকান সদস্য কোরি গার্ডনার বলেন, নির্বাহী আদেশটির ব্যাপ্তি অনেক বড় এবং এটা সংশোধনের প্রয়োজন আছে। আর তিনি এ বিষয়ে আগে কিছুই জানতেন না।
ওই কমিটির প্রধান সিনেটর বব কর্কারও ওই আদেশের ব্যাপারে আগে থেকে কোনো ইঙ্গিত পাননি বলে জানিয়েছেন। এতে বোঝা যাচ্ছে যে তিনি মনে করেন, ট্রাম্প প্রশাসন ওই সিদ্ধান্ত প্রকাশ করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছিল। এমনকি হোমল্যান্ড সিকিউরিটির প্রধানের মতো জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও এ বিষয়ে সময়মতো জানানো হয়নি।
ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত সিনেটর জন ম্যাককেইন গত রোববার এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ক্ষেত্রে নিজের পায়ে কুড়াল মারার সমতুল্য হতে পারে। দোভাষীদের অনেকে জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের জন্য কাজ করছেন। নির্বাহী আদেশের আওতায় তাঁরাও তো যুক্তরাষ্ট্রে আসার সুযোগ পাবেন না।
ইরাকি যেসব নাগরিক অনুবাদক হিসেবে মার্কিন সেনাদের সঙ্গে কাজ করেন, তাঁরা বিশেষ অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে যাতায়াত করে থাকেন। কিন্তু ট্রাম্পের ওই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের ফলে তাঁরাও দুর্ভোগের শিকার হচ্ছেন।