নিহত মার্কিন রাষ্ট্রদূতের ডায়েরি নিয়ে তোলপাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় নিহত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সের হাতে লেখা ডায়েরি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা বলেছে, ১১ সেপ্টেম্বর বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলা ও স্টিভেন্স হত্যাকাণ্ডের পর অরক্ষিত ও লন্ডভন্ড কনস্যুলেট ভবন থেকে স্টিভেন্সের হাতে লেখা ডায়েরি পাওয়া যায়। ডায়েরিটি মার্কিন সংবাদ সংস্থা সিএনএনের হাতে এসেছে এবং ওই ডায়েরির বরাত দিয়ে সিএনএন সংবাদ পরিবেশনও শুরু করেছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে।এদিকে, স্টিভেন্সের পরিবার দাবি করেছে, ওই ডায়েরি তাদের পারিবারিক সম্পত্তি। তারা পড়ে দেখার আগে ডায়েরির ওপর ভিত্তি করে কোনো সংবাদ প্রকাশ না করার জন্য সিএনএনকে অনুরোধ জানিয়েছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডায়েরির বিষয়ে সিএনএনের সঙ্গে মধ্যস্থতা করা হয়েছে বলে জানা গেছে। পররাষ্ট্র দপ্তরের ব্যবস্থাপনায় বেনগাজিতে একজন ইতালীয় কূটনীতিকের কাছে নিহত রাষ্ট্রদূতের ডায়েরিটি সিএনএন হস্তান্তর করবে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।১১ সেপ্টেম্বরের হামলার পর লিবিয়ার বেনগাজি ও আশপাশের নগর থেকে মার্কিন কূটনীতিকদের সরিয়ে আনা হয়েছে।ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে বলেছে, নিহত রাষ্ট্রদূতের ডায়েরির ওপর ভিত্তি করে সিএনএন সংবাদ প্রকাশ শুরু করেছে। গত শুক্রবার পর্যন্ত সিএনএনের পক্ষ থেকে পুরো বিষয়টি চেপে যাওয়া হয়। চারদিকে তোলপাড় শুরু হওয়ার পর শনিবার সিএনএন তাদের ওয়েবসাইটে এ-সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য প্রকাশ করেছে। সিএনএন বলেছে, বেনগাজিতে নিহত রাষ্ট্রদূতের ডায়েরি পাওয়ার পরই তৃতীয় পক্ষের মাধ্যমে তাঁর পরিবারকে জানানো হয়েছে।সিএনএন টিভি তাদের ‘অ্যান্ডারসন কুপার ৩৬০’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স সাম্প্রতিক সময়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে তথ্য প্রকাশ করেছে। অনুষ্ঠানের উপস্থাপক অ্যান্ডারসন কুপার নিহত স্টিভেন্সের চিন্তা-ভাবনার সঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়েছেন। এ অনুষ্ঠানে বলা হয়েছে, বেনগাজিতে চরমপন্থীদের উত্থান এবং জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার শক্তি বৃদ্ধিতে উৎকণ্ঠিত ছিলেন ক্রিস্টোফার স্টিভেন্স। আল-কায়েদার আক্রমণের তালিকায় তাঁর নাম রয়েছে বলেও উল্লেখ করেছিলেন রাষ্ট্রদূত স্টিভেন্স।