ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের লাশ গণকবর দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মকর্তারা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।বন্দরনগর কাগায়ান দ্য ওরো ও ইলিগানের কর্মকর্তারা জানান, অজ্ঞাত মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে। তবে তাতে পচন ধরেছে এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এগুলো দ্রুত সমাহিত করার ব্যবস্থা করা দরকার। স্থানীয় কর্মকর্তারা জনান, আজ মঙ্গলবার থেকে লাশ কবর দেওয়া শুরু হতে পারে।গত শনিবারের ঘূর্ণিঝড় ওয়াশির প্রভাবে সৃষ্ট বন্যায় সাত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানায় ফিলিপাইন রেডক্রস। তবে সরকারি কর্তৃপক্ষ জানায়, মৃতের সংখ্যা ৬৩২। এ ছাড়া অনেকে এখনো নিখোঁজ এবং তাদের সঠিক সংখ্যা জানা যাচ্ছে না। হতাহত ব্যক্তিদের বেশির ভাগ কাগায়ান দ্য ওরো ও ইলিগান শহরের। রাজধানী ম্যানিলা থেকে ওই এলাকার দূরত্ব প্রায় ৮০০ কিলোমিটার। প্রতিবছর ঘূর্ণিঝড়ে দেশের অন্যান্য অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ওই এলাকায় সাধারণত তেমন ক্ষয়ক্ষতি হয় না।ইলিগানের মেয়র কার্যালয়ের প্রকৌশলী তেরেসিতা বাদিয়াং জানান, লাশ সমাহিত করার জন্য বড় দুটি গণকবর প্রস্তুত করা হচ্ছে। সেখানে পাশাপাশি সবাইকে কবর দেওয়া হবে। ঘূর্ণিঝড় ও বন্যায় ইলিগানে নিহত হয় ২২৭ জন।টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, একটি শবাগারের করিডরে লাইন দিয়ে রাখা হয়েছে সাদা প্লাস্টিকের ব্যাগে ভরা লাশ।কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, কাগায়ান দ্য ওরোতে মারা গেছে ৩৩৬ জন। সেখানকার মেয়র ভিসেন্তি এমানো জানান, অজ্ঞাত লাশগুলোকে এই সপ্তাহের মধ্যে গণকবর দেওয়া হবে। তবে গণকবরের স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানান কর্মকর্তারা।ওই অঞ্চলের চিকিৎসা বিভাগের পরিচালক জেমি বার্নাডস জানান, লাশগুলো কবর দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। চিকিৎসাকর্মীরা ডিএনএ নমুনা ও ছবি তুলে রাখছেন।জেমি বার্নাডস বলেন, কবর দেওয়ার আগে নিহত ব্যক্তিদের স্বজনেরা যাতে লাশ দাবি করার সুযোগ পায়, সে জন্য দেরি করা হচ্ছে। এএফপি।