মুম্বাই হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ওই হামলার দ্বিতীয় বার্ষিকী পালন করেছে ভারতবাসী। এ উপলক্ষে গতকাল শুক্রবার ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়। ২০০৮ সালের ওই সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৬৬ জন নিহত হন।দক্ষিণ মুম্বাইয়ে কমান্ডো বাহিনীর সদস্যরা গতকাল আধুনিক সমরাস্ত্র নিয়ে কুচকাওয়াজ করেন। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম শহরের পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ওই হামলায় জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে দ্বিগুণ উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছেন। ভারতের পার্লামেন্টে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।হামলার দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে মুম্বাইয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে নগর কর্তৃপক্ষ। শহরের চৌপট্টি সৈকতে ওই হামলায় নিহত পুলিশ কনস্টেবল তুকারাম ওমবালের স্মরণে একটি সৌধ উদ্বোধন করা হয়। সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চবন, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিলসহ অন্যান্য মন্ত্রী, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্য সরকারি কর্মকর্তারা দক্ষিণ মুম্বাইয়ে পুলিশ সদর দপ্তরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। মুম্বাই পুলিশের ফোর্স ওয়ান ও কুইক রেসপন্স টিমসহ অন্যান্য শাখার সদস্যরাও শহরের রাস্তায় কুচকাওয়াজ করেন।এ ছাড়া নিহত ব্যক্তিদের স্মরণে হামলার স্থান ছত্রপতি শিবাজি রেলস্টেশন, হোটেল তাজমহল প্যালেস অ্যান্ড টাওয়ার, হোটেল ট্রাইডেন্ট-ওবেরয়ে সংক্ষিপ্ত প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন স্থানে একাধিক কর্মসূচি পালন করা হয়।রাজধানী নয়াদিল্লিতে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, ‘আজকের এই স্মরণসভায় মুম্বাইবাসী এবং ওই দিন দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাহসিকতার প্রতি আমাদের সালাম। ভারতের নাগরিকদের এই নিঃস্বার্থ ও সাহসী চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের সামাজিক বন্ধন ও জীবনযাত্রার পদ্ধতির বিরুদ্ধে যেকোনো হুমকিকে ঠেকিয়ে দেবে।’মুম্বাইয়ে হামলার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, হামলায় নিহত ব্যক্তিদের পরিবার ও ভারতবাসীর সঙ্গে একাত্মতা জানাচ্ছে মার্কিন জনগণ।২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে বিলাসবহুল হোটেল, রেলওয়ে স্টেশন, ক্যাফে ও ইহুদি সাংস্কৃতিক কেন্দ্রে ১০ জন বন্দুকধারী হামলা চালান। দীর্ঘ ৬০ ঘণ্টা ধরে এই হামলা চলে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নয়জন হামলাকারী নিহত হন। জীবিত একমাত্র হামলাকারী পাকিস্তানি নাগরিক আজমল আমির কাসাবকে ভারতীয় আদালতে বিচারের মুখোমুখি করা হয়। বিচারে আদালত তাঁকে মৃতুদণ্ড দেন।হামলার পরপরই ভারতের পক্ষ থেকে এ জন্য পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। গত জুন মাসে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম পাকিস্তান সফরে গিয়ে এই হামলায় জড়িত ব্যক্তিদের একটি তালিকা ও অন্যান্য নথিসংক্রান্ত দলিলপত্র ইসলামাবাদের কাছে হস্তান্তর করেন। সেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও সেনাবাহিনীর সদস্যদের হামলায় জড়িত হিসেবে উল্লেখ করা হয়। হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে পাকিস্তানে বিচারের মুখোমুখি হয়েছেন জাকিউর লহমান লাখভি, লস্কর-ই-তাইয়েবার সদস্য জারার শাহসহ সাতজন। কিন্তু কাউকে এখনো শাস্তি দেওয়া হয়নি।ভারত ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করা হয়েছে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার ভারত অভিযোগ করেছে, ওই হামলায় জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তির মুখোমুখি করতে যথেষ্ট পদেক্ষেপ নিচ্ছে না পাকিস্তান।এদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, সে দেশের গোয়েন্দা সংস্থা আইএসআইকে মুম্বাই হামলার সঙ্গে জড়ানো ‘অযৌক্তিক’। গত বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিত বলেন, ‘ওই হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার ব্যাপারে পাকিস্তান অঙ্গীকারবদ্ধ। হামলায় জড়িত সন্দেহে পাকিস্তানে আটক সাতজনের বিচারকাজ চলছে। তবে এই হামলায় আইএসআইয়ের নাম জড়ানো পুরোপুরি অযৌক্তিক।’ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বাসিত এ কথা বলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আদালত ওই হামলার ঘটনায় করা মামলায় আইএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে সমন জারি করেন। বিবিসি, এএফপি, পিটিআই অনলাইন।