
স্বজন হারানোর কান্না আর আর্তনাদ—ইসরায়েলের হামলার পর থেকে গাজায় প্রতিদিনকার চিত্র এখন এমনই। সাময়িকভাবে বন্ধ রাখার পর গত মঙ্গলবার থেকে আবারও ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা শুরু করেছে ইসরায়েল। গতকাল বুধবার বেপরোয়া হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে নয় দিনে নিহতের সংখ্যা ২০৭ জনে দাঁড়াল।
অবশ্য ইসরায়েল দাবি করছে, গাজায় কেবল হামাসের জ্যেষ্ঠ নেতাদের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এদিকে গত মঙ্গলবার গাজা থেকে ছোড়া রকেট হামলায় এক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলি হামলার জবাবে নয় দিন ধরে গাজা থেকে ছোড়া রকেটে এই প্রথম কোনো নিহতের ঘটনা ঘটল। খবর বিবিসি, আল-জাজিরা, এএফপি ও রয়টার্সের।
গাজার চিকিৎসাসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বুধবার ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে পাঁচ মাসের এক শিশুও রয়েছে। হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ আল জহরের বাড়ি ধ্বংস হয়ে গেছে।