মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মিকতিলা শহরে জাতিগত সহিংসতায় নিহতের সঙ্গে বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।রাজধানী নেপিডো থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তরের মিকতিলা শহরে তিন দিন ধরে চলা এই সহিংতা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা গতকাল এএফপিকে জানান, ইতিমধ্যে অন্তত ২০ জন নিহত হওয়ার নিশ্চিত তথ্য পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি অবস্থা জারি করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আবার স্বাভাবিক হতে এটি সহায়ক ভূমিকা রাখবে।গতকাল পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। মুসলিম বাসিন্দারা শহর ছেড়ে পালিয়েছে। ছুরি ও লাঠি হাতে বৌদ্ধদের দল বেঁধে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেছে।স্থানীয় একজন আইনপ্রণেতা জানান, শহরটিতে অন্তত ৮০ হাজার বাসিন্দা রয়েছে। এদের এক-তৃতীয়াংশই মুসলিম। তিন দিনের সহিংসতায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। শত শত মুসলিম একটি খেলার মাঠে ও স্থানীয় পুলিশের কাছে আশ্রয় নিয়েছে। এএফপি।সংশোধনী: বিশ্বব্যাংকের ২০১১ সালের তথ্য অনুযায়ী, মিয়ানমারের মোট জনসংখ্যা প্রায় চার কোটি ৮৩ লাখ। এদের মধ্যে মাত্র ৪ শতাংশ (প্রায় ১৯ লাখ) মুসলিম। গতকাল ভুলবশত দেশটির মুসলিম নাগরিকের সংখ্যা প্রায় ছয় কোটি বলে উল্লেখ করা হয়েছে।