নাইজেরিয়ায় গতকাল রোববার খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব বড়দিনে ধারাবাহিক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। সবগুলো হামলার দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম। আফ্রিকার সবচেয়ে জনবহুল এ দেশটিতে ধারাবাহিক হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন হামলার নিন্দা জানিয়ে দেশটির জনগণ ও হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।হোয়াইট হাউস এ হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন সহিংসতা’ বলে উল্লেখ করেছে। ভ্যাটিকান এ হামলাকে ‘অন্ধ বিদ্বেষ’ হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছেন।নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন এ হামলাকে দেশটির নিরাপত্তা এবং স্বাধীনতার ওপর আঘাত বলে উল্লেখ করে তিনি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জানান, ক্যাথলিক গির্জায় বোমা হামলার পেছনে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।রাজধানী আবুজার শহরতলি মাডালায় সেন্ট তেরেসা নামের ওই ক্যাথলিক গির্জায় গতকাল সকালে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৩৫ ব্যক্তি নিহত এবং অনেকেই আহত হয়।একই দিন জস শহরে বোমা হামলা ও গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ডামাতুরে আত্মঘাতী বোমা হামলায় নিরপত্তা বাহিনীর তিন সদস্যসহ চারজন নিহত হন। শহরে দুটি বিস্ফোরণে চার ব্যক্তি নিহত হয়েছে। সবগুলো হামলার দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম।দেশটিতে ওই সংগঠনের সঙ্গে নিরাপত্তা বাহিনী যুদ্ধ চালিয়ে আসছে। সংগঠনটি দেশজুড়ে ইসলামি শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। বিবিসি, এএফপি।