নিহতের সংখ্যা ১১৯ জনে উন্নীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মাওবাদী অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের কাছে রেল দুর্ঘটনায় গতকাল শনিবার পর্যন্ত ১১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল ধ্বংসস্তূপ থেকে দেড় বছরের একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। গতকাল রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় অন্তত আড়াই শতাধিক মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ২৩ জনকে কলকাতার পিজি হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে রেলসহ বিভিন্ন রাজনৈতিক দল মেদিনীপুরে সহায়তা কেন্দ্র খুলেছে। এ দুর্ঘটনায় গতকাল রেলের পক্ষ থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনের চালক পি কে দাস ঝাড়গ্রাম জিআরপি থানায় এফআইআর দায়ের করেছেন। তাতে তিনি ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগ আনলেও মাওবাদীদের এই দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো কথাই উল্লেখ করেননি। এই রেল দুর্ঘটনার তদন্তে নেমে সিআইডি পুলিশ জানতে পেরেছে এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে স্থানীয় মাওবাদী স্কোয়াডের ১১ সদস্য। তারাই বৃহস্পতিবার রাতে একটি সাদা রঙের পিকআপ ভ্যানে করে রেললাইনের পাশে আসে। তারা পরবর্তীকালে রেললাইনের ফিসপ্লেট খুলে দিয়েছে বলে তাদের ধারণা। সিআইডি পুলিশ ওই ১১ জনের মধ্যে বেশ কয়েকজনের নামও জানতে পেরেছে। এখন সিআইডি পুলিশ মাওবাদী স্কোয়াডের ওই সব সদস্যদের গ্রেপ্তার করার জন্য উদ্যোগ নিয়েছে। তবে মাওবাদীরা এখনো প্রকাশ্যে কোনো বিবৃতি দিয়ে এই ঘটনার দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। তবে দুর্ঘটনাস্থলে মাওবাদীদের ছত্রছায়ায় গঠিত পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির কয়েকটি পোস্টার পাওয়া গেছে। ওই পোস্টারে তারা এই নাশকতার দায় স্বীকার করেছে।এদিকে রেল কর্তৃপক্ষ রাতে মাওবাদী অধ্যুষিত এলাকার মধ্য দিয়ে ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার বিদ্বজ্জনেরা গতকাল রবীন্দ্র সদন এবং প্রেসক্লাবে দুটি পৃথক ধিক্কার সভার আয়োজন করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।