নিয়ন্ত্রণরেখায় শান্তির জন্য ভারত-পাকিস্তান সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ২০০৩ সালের অস্ত্রবিরতি চুক্তি বহাল রাখার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। দীর্ঘদিন পর গত মঙ্গলবার অনুষ্ঠিত মিলিটারি অপারেশনসের মহাপরিচালক (ডিজিএমও) পর্যায়ের বৈঠকে দুই পক্ষের মধ্যে এ সমঝোতা হয়।
চলতি বছর চির প্রতিদ্বন্দ্বী উভয় প্রতিবেশী পরস্পরের বিরুদ্ধে কাশ্মীর সীমান্তে অনেকবার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ ওঠে। মঙ্গলবারের বৈঠকে উভয় পক্ষের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা ওই চুক্তি বহাল রাখার ব্যাপারে উদ্যোগ নিতে সম্মত হন।
বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, উভয় দেশের ডিজিএমও নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা নিরসনে নিজ নিজ দায়িত্ব পালন এবং অস্ত্রবিরতি চুক্তি মেনে চলার অঙ্গীকার করেন। বৈঠকে পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল আমির রিয়াজ ও ভারতের ডিজিএমও লে. জেনারেল বিনোদ ভাটিয়া নেতৃত্ব দেন।
পাঞ্জাবের ওয়াঘা সীমান্তে পাকিস্তানের অভ্যন্তরে এ বৈঠক হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, দুই পক্ষ নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় রাখা এবং অস্ত্রবিরতি চুক্তি বহাল রাখার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো নিরপরাধ সাধারণ নাগরিক নিয়ন্ত্রণরেখা অতিক্রম করলে উভয় পক্ষ পরস্পরকে এ-সংক্রান্ত তথ্য জানাবে। দ্রুত ওই ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেবে। নিয়ন্ত্রণরেখায় শান্তি নিশ্চিত করতে অদূর ভবিষ্যতে ব্রিগেড কমান্ডার পর্যায়ে বৈঠক হবে।
চলতি বছরের শুরু থেকেই ভারত ও পাকিস্তান কাশ্মীর সীমান্তে পরস্পরের বিরুদ্ধে অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছিল। গত জানুয়ারিতে ভারতের এক দল সেনা নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের সেনাচৌকিতে হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। গত আগস্টে একদল সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গি কাশ্মীরের ভারতীয় অংশে ঢুকে পড়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। ডন।