কলকাতায় দুই বাংলার বাংলা সাহিত্য নিয়ে আন্তর্জাতিক সেমিনার

কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে দুই বাংলার বাংলা সাহিত্য নিয়ে দুদিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার।
আজ বিশ্ববিদ্যালয়ের অনিতা ব্যানার্জি মেমোরিয়াল হলে আয়োজিত ‘সাম্প্রতিক বাংলা সাহিত্য: দুই বাংলা’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার।
প্রথম দিনের আলোচনায় বাংলাদেশের নাটক ও মঞ্চ নাটক, মনোবিশ্লেষণ ও নির্বাচিত বাংলা উপন্যাস ও সাম্প্রতিক বাংলাদেশের বাংলা প্রকাশনার গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিত্ ঘোষ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নীলিমা আফরিন এবং কথা প্রকাশের মহম্মদ জসিম উদ্দিন।
দুই দিনের সেমিনারে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনায় আরও অংশ নেবেন অধ্যাপক শম্পা চৌধুরী, অধ্যাপক শাশ্বত ভট্টাচার্য, অধ্যাপক অনন্যা বড়ুয়া, অধ্যাপক রাজেশ্বর সিনহাসহ কলকাতার বিভিন্ন প্রকাশনা সংস্থার কর্মকর্তারা।