নীরব অপেক্ষায় দিন কাটছে ওদের
ত্রিশটি কচিমুখ। আট থেকে ১২ বছর বয়স। ওদের বিরস চেহারায় ব্যাকুল প্রতীক্ষার ছাপ। সরল চোখে অবুঝ আকুতি—কখন আসবেন বাবা-মা, কখন ফিরবে সেই চিরচেনা ঘরে। আপনজনদের জন্য নীরব অপেক্ষায় প্রহর গোনা এই শিশুরা রয়েছে জাপানের ইশিনোমাকি শহরের একটি বিদ্যালয় ভবনে। সুনামি কেড়ে নিয়েছে তাদের আপনজন। রাজধানী টোকিওর উত্তর-পূর্বে শহরটির অবস্থান। গত ১১ মার্চ প্রলয়ংকরী সুনামি যখন আঘাত হানে, তখন সবে স্কুলটি ছুটি হয়েছে। কিছু শিক্ষার্থী বাবা-মায়ের সঙ্গে বেরিয়ে গেছে, কিছু ছিল বাড়ি ফেরার অপেক্ষায়। এ সময় যারা বিদ্যালয়ে ছিল, তারা রক্ষা পেয়েছে সুনামির ছোবল থেকে। কিন্তু হারাতে হয়েছে আপনজনদের। কেউ হারিয়েছে বাবা-মা, কেউবা ভাইবোন। বিদ্যালয়টির চারতলা ভবনে ওই শিশুরাসহ ৬৫৭ জন দুর্গত লোক আশ্রয় নিয়েছে। সেখানে খাদ্য, পানি ও বিদ্যুতের বড় অভাব। ওই ৩০ জন শিশুকে আলাদা করে রাখা হয়েছে। দেখভাল করার জন্য রয়েছেন শিক্ষকেরা। কিছু শিশুর অন্য স্বজনেরাও অবশ্য সেখানে গেছেন। পাছে মন খারাপ হয়, এ জন্য বাইরের কোনো ব্যক্তিকে ওদের সামনে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি সংবাদমাধ্যমের ব্যক্তিদেরও না। ওরা প্রায় সারাক্ষণ চুপচাপ থাকে। ছবি আঁকে, বই পড়ে, খেলে শিশুসুলভ খেলা। কখনো দরজায় একটুখানি শব্দ হলেই চমকে ওঠে ওরা—এই বুঝি বাবা-মা এলেন! কিন্তু সে আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি কারও। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাসামি হোশি বলেন, ছুটির পর এসব শিশুর অভিভাবকেরা যখন স্কুলে আসতে শুরু করেন, এ সময় সুনামি আঘাত হানে। যেসব শিশু যেতে পারেনি, তাদের আমরা নিরাপদ স্থানে সরিয়ে নিতে পেরেছিলাম। তবে আরও ছোটরা আগেই বের হয়ে যায়। যারা বাড়িতে পৌঁছাতে পেরেছে, তারা অনেকে রক্ষা পেয়েছে। যারা রাস্তায় ছিল, তারা ভেসে গেছে। ডেইলি মেইল অনলাইন।