নীল রঙে সাজবে কলকাতা
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের গুরুত্বপূর্ণ সব স্থাপনা নীল রঙে সাজবে। এমনকি রাজ্যের চিরচেনা হলুদ রঙের ট্যাক্সিও শিগগিরই নীল রং ধারণ করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহের কারণেই কলকাতা শহর নতুন এই চেহারা নিতে যাচ্ছে।সরকারি স্থাপনা, উড়ালসড়ক, রাস্তার পাশের সীমানা—সবই হালকা নীল রঙে রাঙানো হবে। এমনকি ব্যক্তিগত ও বেসরকারি স্থাপনাগুলোতেও নীল রং লাগানোর জন্য অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য সরকারের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন, কলকাতা শহরের থিম রং হবে আকাশি নীল। এর কারণ, লক্ষ্যের সীমা হচ্ছে আকাশ। নতুন সরকার এ নীতি মেনে কাজ করছে।’হাকিম বলেন, ‘এখন থেকে সব সরকারি স্থাপনায় যখনই নতুন রং করার প্রয়োজন হবে, তা অবশ্যই আকাশি নীল রঙে করা হবে। ব্যক্তিগত ভবনের মালিকদেরও একই রং বেছে নেওয়ার অনুরোধ জানানো হবে। শিগগিরই এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হবে।’ বিবিসি।