নৃশংসতা, অপহরণের শিকার হওয়াই যেখানে নারীর নিয়তি
২০১৪ সালের মার্চে নাইজেরিয়ার চরমপন্থী সংগঠন বোকো হারামের অব্যাহত হুমকির মুখে উত্তর-পূর্বাঞ্চলের শহর চিবুক ছেড়ে যায় অনেক পরিবার। এমন সিদ্ধান্ত নিয়েছিল ওই শহরের রেবেকা স্যামুয়েলের পরিবারও। কিন্তু মেয়ে সারাহর মাধ্যমিক পরীক্ষার জন্য আরও এক মাস থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সে সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়ায়।
১৪ এপ্রিল বোকো হারামের বন্দুকধারীরা সারাহসহ তাঁর ২৭৫ জন সহপাঠীকে অপহরণ করে। এর মধ্যে ৫৭ জন পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু সারাহসহ অন্যদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
‘এখন আমার প্রতিটি দিনই কেঁদে কাটে’—৩৬ বছর বয়সী রেবেকার নিয়তি এখন এটিই। পরে পরিবারের অন্যদের নিয়ে নিজ শহর চিবুক ছেড়ে শরণার্থী হিসেবে পার্শ্ববর্তী ক্যামেরুনে চলে যান তিনি। সেখান থেকে চলে আসেন নাইজেরিয়ার রাজধানী আবুজায়।
ছয় বছরের যুদ্ধে চিবুকের ওই অপহরণের ঘটনাই সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছে। কিন্তু বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণ বলছে, ওই ঘটনা নাইজেরিয়ায় উত্তরাঞ্চলে নারী ও মেয়েদের প্রতি পাশবিক আচরণের সামান্যই বলে।
নারীদের বিরুদ্ধে যুদ্ধ
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) গত বছরের হিসাব অনুযায়ী, নাইজেরিয়ায় বিদ্রোহীরা ২০০৯ সালের পর থেকে পাঁচ শরও বেশি নারী ও মেয়েকে অপহরণ করেছে। এর মধ্য চিবুকে অপহৃতরাও হয়েছে। কিন্তু এ সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হয়।
বোকো হারামের হাতে অপহৃত নারীরা সাধারণত জোরপূর্বক বিয়ে এবং ধর্ষণের শিকার হন। অনেকে পরিণত হন যৌনদাসীতে। অনেক অপহৃতকে যুদ্ধক্ষেত্রে ধ্বংসাত্মক অস্ত্রশস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করা হয়। অন্যদের দিনের পর দিন পালিয়ে বেড়াতে হয় উত্তর-পূর্বাঞ্চলের রুক্ষ জঙ্গলে। এঁদের কাউকে পালিয়ে বেড়াতে হয় পিঠে বাচ্চা নিয়েই। তবে ১০ মাস ধরে নতুন কৌশল হিসেব নারী ও শিশুদের ‘মানববোমা’ হিসেবে ব্যবহার করছে বিদ্রোহীরা। শুধু বোকো হারামই নয়, এ কৌশল অন্য জিহাদিরাও ব্যবহার করেছে। শরীরে বিস্ফোরক দ্রব্য বহন করছেন—এমন সন্দেহে গত রোববারই উত্তরাঞ্চলের বাউচি শহরে ৩৩ বছর বয়সী এক নারীকে পিটিয়ে মেরে ফেলা হয়।
এইচআরডব্লিউ ও অন্য বিশেষজ্ঞদের মতে, ২০১৩ সালে নাইজেরিয়ার সামরিক বাহিনী বিদ্রোহীদের ওপর হামলা বাড়ানোর পর থেকে নারী ও ‘নাজুক গোষ্ঠী’র ওপর বোকো হারামের হামলার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
শুধুই উন্মত্ততা
এ বছরের ২৩ জানুয়ারি বোকো হারামের বিদ্রোহীরা ১৫৮ জিম্মিকে মুক্তি দেয়। হাওয়া মোহাম্মদ তাঁদের একজন। কাতারকো নামের একটি গ্রাম থেকে অপহরণের দুই সপ্তাহ পর তাঁদের মুক্তি দেওয়া হয়।
হাওয়ার সঙ্গে তাঁর তিন মেয়েও অপহৃত হন। মেয়েদের ভাগ্যে কী ঘটে—এ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটে হাওয়ার। কারণ, বোকো হারাম বিদ্রোহীরা তাদের আনুগত্য স্বীকার করতে তাঁদের চাপ দিচ্ছিল। এএফপির সঙ্গে সাক্ষাৎকারে হাওয়া বলেন, ‘আমি কীভাবে তাদের হত্যা, নির্বিচার ধ্বংসযজ্ঞ, অপহরণ আর ধর্ষণের মতাদর্শ গ্রহণ করতে পারি?’
হাওয়া মোহাম্মদকে কেন ছেড়ে দেওয়া হলো, তিনি সেটি বলতে পারেননি। তবে অসংখ্য নারীর যে সে সৌভাগ্য হয়নি, তা-ও উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি প্রতিনিয়ত জিম্মি নারীদের মুক্তির জন্য প্রার্থনা করি, যাঁরা বীভৎসতার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন।’
দায়ী লিঙ্গবৈষম্য?
নাইজেরিয়ায় ২০০৯ সালে বিদ্রোহ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১৩ হাজার মানুষ নিহত হয়েছেন। দরিদ্র অঞ্চলগুলোতে এ যুদ্ধ সামাজিক সংকটকে আরও গভীর করে তুলেছে; বিশেষ করে লিঙ্গবৈষম্যের ক্ষেত্রে।
নাইজেরিয়ার ১৭ কোটি ৩০ লাখ জনসংখ্যার প্রায় অর্ধেকরই মুসলমান-অধ্যুষিত উত্তরাঞ্চলে বসবাস। ওই অঞ্চলের মাত্র ৩ শতাংশ নারী মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেন। বিদ্রোহ শুরু হওয়ার আগে ব্রিটিশ কাউন্সিলের করা এক গবেষণায় এ তথ্য জানা যায়। ওই প্রতিবেদনে আরও বলা হয়, সেখান ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের দুই-তৃতীয়াংশ একটি বাক্যও পড়তে পারেন না। বিপরীতে খ্রিষ্টান-অধ্যুষিত দক্ষিণাঞ্চলে এ হার মাত্র ১০ শতাংশ।
পর্যবেক্ষকরা এ ব্যাপারে একমত যে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে শুধু বোকো হারাম বিদ্রোহীদের দমনেই সমাধান আসবে না। নারী ও পুরুষের ক্ষমতায়নে সেখানে শক্তিশালী উন্নয়ন পরিকল্পনাও নিতে হবে। তাহলেই চরমপন্থীদের মৌলবাদী ও সহিংস এজেন্ডা থেকে সাধারণ মানুষ রক্ষা পেতে পারে।
রেবেকা স্যামুয়েলদের মতো নারীদের জন্য নাইজেরিয়ার উত্তরাঞ্চলে শান্তি এখন দূর স্বপ্ন। তাঁর মেয়ে সারাহ ১৮তম জন্মদিনটি পার করেছেন বোকো হারাম বিদ্রোহীদের কাছে বন্দী অবস্থায়। খুব সম্ভবত বোকো হারাম নেতা আবুবকর শেকাউয়ের ঘোষিত ‘দাসত্ব’ অথবা ‘জোরপূর্বক বিয়ে’র শিকার হতে হয়েছে তাঁকে।
‘এটি কঠিন, একমাত্র সৃষ্টিকর্তাই আমাদের সাহায্য করতে পারেন’—এ ছাড়া কীই-বা বলার আছে রেবেকা স্যামুয়েলদের মতো নারীদের।