নেকাব পরা চিকিৎসকের সেবা চান না ব্রিটিশ স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নেকাব পরা চিকিৎসক বা সেবিকার কাছ থেকে সেবা নিতে চান না যুক্তরাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জার্মে হান্ট। যুক্তরাজ্যের হাসপাতালে নেকাবধারী কর্মীদের নেকাব পরার নীতিমালা-সংক্রান্ত একটি পর্যালোচনার উদ্বোধন করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আজ শুক্রবার ডেইলি মেইলের খবরে এ কথা জানানো হয়।
চিকিৎসাসেবা নেওয়ার সময় চিকিৎসক বা সেবিকার মুখমণ্ডল দেখার অধিকার রোগীদের আছে—এ নিয়ে দেশটিতে আলোচনা চলছে। বিষয়টি সমর্থন করে নিজের অবস্থান তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই। আমি নিজে যদি রোগী হতাম, আমি অবশ্যই জানতে চাইতাম কোন চিকিত্সক বা সেবিকা আমাকে চিকিত্সাসেবা দিচ্ছেন। আমি মনে করি, কারা তাঁদের দেখভাল করছেন, এটা জানার অধিকার রোগীদের আছে।’
তাহলে কী নেকাবধারী চিকিৎসকের কাছে অভিভাবকেরা চিকিৎসার অনুরোধ জানাবেন না? এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হান্ট বলেন, তাঁরা অনুরোধ না জানাতে পারেন এবং এ ব্যাপারে তাঁদের প্রতি তাঁর সমর্থন আছে। এর সঙ্গে তিনি যোগ করলেন, এটি রাজনৈতিক নয়; পেশাগত বিষয়।
প্রসঙ্গত, দেশের অন্তত ১৭টি হাসপাতালে চিকিৎসাকর্মীদের নেকাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে।
নেকাব-সংক্রান্ত নীতিমামলার ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী ডা. ড্যানিয়েল পল্টারের ভাষ্য, ‘কর্মক্ষেত্রে সমৃদ্ধ নৃতাত্ত্বিক বৈচিত্র্য নিয়ে আমি গর্বিত। যথাযথ ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতাও আমি সমর্থন করি। তবে ভালো স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কার্যকর ভাববিনিময় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্যসেবা প্রদানকারীর চেহারা দেখতে না পারা রোগী ও তার পরিবারের সঙ্গে ভাববিনিময়ের ক্ষেত্রে বাধা হতে পারে।’
চিকিত্সক ও সেবিকাদের সঙ্গে রোগীর কার্যকর যোগাযোগ স্থাপনের জন্যই তিনি নীতিমালা করতে বলেছিলেন বলে জানালেন।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে বলেন, নারী নিজের পোশাকের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম। তবে বিশেষ কিছু পরিস্থিতিতে নেকাব নিষিদ্ধ করা উচিত বলে তিনি মনে করেন।